
জটা চুলে কিছুদিন আগে সবুজ রং করিয়েছেন। তার ওপরে হলদে ফুলের ব্যান্ড। বার্ডস নেস্টের ট্র্যাকে দৌড় শুরুর আগে মাইক্রোফোনে তাঁর নাম বলল, লেনে দাঁড়িয়ে হাসলেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। দৌড় শুরুর পর জিতলেনও হেসেখেলে। ১০০ মিটার শেষ করলেন ১০.৭৬ সেকেন্ডে, রুপাজয়ী হল্যান্ডের ড্যাফনে শিপার্সের সময় লেগেছে ১০.৮১ সেকেন্ড। ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের টরি বোয়ি।
বার্লিনের পর মস্কো, এরপর বেইজিং— তৃতীয়বারের মতো বিশ্বের দ্রুততম মানবী হলেন জ্যামাইকার এই স্প্রিন্টার। আগের দিন উসাইন বোল্ট ১০০ মিটারে সোনা জেতায় এই ইভেন্টে জ্যামাইকারও ‘ডাবল’ হয়ে গেল কাল!
সাত বছর আগে বেইজিং অলিম্পিকে রুপাজয়ী জ্যামাইকারই শেরন সিম্পসন এবং দুই বছর মস্কো চ্যাম্পিয়নশিপের রানারআপ আইভরিকোস্টের মুরিয়েলে আহুরে এখানে ফাইনালেই উঠতে পারেননি। শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের কাজটা সহজ হয়ে গিয়েছিল আসলে ট্র্যাকে নামার আগেই। প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হয়েছিল স্বদেশি ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউনকে। কিন্তু হিট আর সেমিফাইনালে আশা জাগালেও শেষ পর্যন্ত ফাইনালে ব্রাউন হয়েছেন চতুর্থ।
জয়টা অনুমিতই ছিল। তবে নিজের সেরা সময়টাকে (১০.৭০ সেকেন্ড) ছাড়াতে পারেননি বলে ফ্রেজার-প্রাইসের একটু অসন্তোষ রয়ে গেল জয়ের পরও। এই ইভেন্টে দুবারের অলিম্পিক সোনাজয়ী হাসতে হাসতেই বললেন, ‘১০.৭০-এর ঘরে থাকতে থাকতে আমি ক্লান্ত। এটাকে নামিয়ে আনা সম্ভব। শুধু দরকার একটা ভালো দৌড়। আশা করছি পরেরবার সেটা হবে।’
দুই বছর আগে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটারেও সোনা জিতেছিলেন। তবে এবার আর ২০০ মিটার দৌড়াবেন না, সেটাও নিশ্চিত করে দিলেন কাল, ‘২০০ মিটার এবার আমার ভাবনায় নেই। আমি শুধু ১০০ মিটারে দৌড়ানোর পরিকল্পনা করেই এসেছি।’
খুব বেশি আলোচনায় না থাকা ড্যাফনে শিপার্সের রুপা জেতাটা অবশ্য বড় চমক। হল্যান্ডের এই সাবেক হেপ্টাথলেট স্প্রিন্ট শুরুই করেছেন এ বছর জুনে। দ্বিতীয় হয়ে শিপার্স নিজেও তাই রোমাঞ্চিত, ‘আমি খুবই খুশি। এটা আমাদের জাতীয় রেকর্ড। আমি বিশ্বের দ্বিতীয় দ্রুততম। বিশ্বাসই হচ্ছে না! সেমিফাইনালে আমি কিছুটা স্নায়ুচাপে ছিলাম। কিন্তু এর পরে ভাবলাম—ফাইনালে তো উঠেই গেছি, এখন যেকোনো কিছুই সম্ভব। আমার শুরুটাও খুব ভালো হয়েছিল। আমি তো জয়ের খুব কাছেই চলে গিয়েছিলাম!’ স্টার স্পোর্টস, বিবিসি।
৩
প্রথম নারী স্প্রিন্টার হিসেবে তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার জিতলেন ফ্রেজার-প্রাইস। এর আগে জিতেছেন ২০০৯ বার্লিনে ও ২০১৩ সালে মস্কোতে
৬
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছয়টি সোনা জিতলেন ফ্রেজার-প্রাইস। মেয়েদের বিভাগে যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্সই (আটটি) শুধু তাঁর চেয়ে বেশি সোনা জিতেছেন
১১
২০০৮ বেইজিং অলিম্পিক থেকে এই বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সর্বশেষ ছয়টি বিশ্ব আসরে পুরুষ ও মহিলা দুই বিভাগ মিলিয়ে ১১ বার ১০০ মিটার জিতেছেন জ্যামাইকানরা। বোল্ট পাঁচবার, ফ্রেজার-প্রাইস পাঁচবার, ব্লেক একবার। শুধু ২০১১ সালে দেগুতেই মেয়েদের বিভাগে জেতেনি জ্যামাইকা