বোল্টকে গ্যাটলিনের বার্তা
আসাফা পাওয়েল ছিলেন, ছিলেন টাইসন গে-জাস্টিন গ্যাটলিনও। পরশু উসাইন বোল্ট থাকলেই ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের লুজান মিটের ১০০ মিটার আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের একটা মহড়ায় রূপ নিত। সেটি না হলেও ৯.৭৫ সেকেন্ড টাইমিং করে প্রতিপক্ষদের একটা বার্তাই দিয়ে রাখলেন গ্যাটলিন—গত বছর এই ইভেন্টে তাঁরই রাজত্ব ছিল, এ বছরও থাকবে!
২০১৪ সালের ১০০ মিটারের দ্রুততম সাতটি টাইমিংয়ের ছয়টিই ছিল গ্যাটলিনের। গত বছর এই ইভেন্টে অপরাজিত থাকা আমেরিকান স্প্রিন্টার নিজের দুর্দান্ত ফর্মটা এই বছরও ধরে রেখেছেন। গত মে মাসে মৌসুম-সেরা ৯.৭৪ সেকেন্ড টাইমিং করেছিলেন। পরশুর টাইমিংটা ওটার পেছনে থাকলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য প্রতিপক্ষদের সঙ্গে দৌড়ে নিজের অবস্থান সম্পর্কে ভালো একটা ধারণা পেলেন লুজান মিটের দ্রুততম মানব। আসাফা পাওয়েল এবং টাইসন গে—দুজনই দৌড় শেষ করেছেন ৯.৯২ সেকেন্ডে।
চোটের কারণে ট্র্যাকে ছিলেন না বোল্ট। তবে গ্যাটলিনের বার্তাটা নিশ্চয়ই তিনি পেয়েছেন। বিনয়ী গ্যাটলিন অবশ্য নিজের পারফরম্যান্সকে কারও জন্য ‘বার্তা’ হিসেবে দেখতে নারাজ, ‘উসাইনের জন্য কোনো বার্তা নেই। আমি ট্র্যাকে চেষ্টা করে গেছি আমার সেরাটা দেখানোর।’ এএফপি।