বোল্টের জন্য...
২০০৮ সালে বেইজিং অলিম্পিকের পর থেকেই সারা বিশ্বকে মোহাবিষ্ট করে রেখেছেন নিজের জাদুতে। দিন যত যাচ্ছে, অ্যাথলেটিকস ট্র্যাক আর উসাইন বোল্টের প্রেমময় সম্পর্কের রসায়ন যেন আর গভীর হচ্ছে। ট্র্যাক থেকে জিতে নিয়েছেন সম্ভাব্য সবকিছুই। কিন্তু তাঁর নিজের দেশ জ্যামাইকা ‘বজ্রবিদ্যুৎ’কে সর্বোচ্চ সম্মান এখনো জানায়নি। সামনেই হয়তো সেটি হবে। জ্যামাইকান ফুটবল ফেডারেশনের প্রধান হোরাচে বুরেল বোল্টকে জ্যামাইকার চতুর্থ সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব মেরিটে’ ভূষিত করার দাবি জানিয়েছেন। ২০০৯ সালে বোল্ট অবশ্য দেশের পঞ্চম সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব জ্যামাইকা পেয়েছেন।
বিশ্বমঞ্চে সম্মানের সঙ্গে নিজের দেশকে প্রতিষ্ঠিত হতে দেখার এই আনন্দ থেকেই দাবিটি করেছেন বুরেল। সংবাদ সংস্থা সিনহুয়াকে তিনি বলেছেন, ‘এখানে বসে আমাদের অ্যাথলেটদের পারফরম্যান্স দেখা আর ভাষ্যকারদের মুখে আমাদের অ্যাথলেট এবং সর্বোপরি আমাদের দেশের প্রশংসা শোনার অনুভূতিটা অবিশ্বাস্য। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, সেটা সরকারই হোক, আর গভর্নর জেনারেলই হোন, যেন যথাসময়ে উসাইন সেন্ট লিও বোল্টকে অর্ডার অব মেরিটে ভূষিত করা হয়। এটা ওর প্রাপ্য।’ আইএএনএস।