বোল্টের দখলে সোনার খনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চতুর্থবারের মতো ২০০ মিটারের শ্রেষ্ঠত্ব বোল্টের। ছবি: এএফপি
টানা চতুর্থবারের মতো ২০০ মিটারের শ্রেষ্ঠত্ব বোল্টের। ছবি: এএফপি

কেউ আটকাতে পারল না উসাইন বোল্টকে। জাস্টিন গ্যাটলিন ১০০ মিটারে চ্যালেঞ্জ ছুড়লেও ২০০ মিটারে তাঁকে ভালোভাবেই পেছনে ফেললেন বোল্ট। বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকসের ২০০ মিটার স্প্রিন্টে ১৯.৫৫ সেকেন্ড সময় নিয়ে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরলেন এই জ্যামাইকান বিস্ময়।

২০০ মিটার লড়াইয়ের মুহূর্ত। গতিতে সবাইকে একে একে পেছনে ফেলছেন বোল্ট। ছবি: রয়টার্স।
২০০ মিটার লড়াইয়ের মুহূর্ত। গতিতে সবাইকে একে একে পেছনে ফেলছেন বোল্ট। ছবি: রয়টার্স।

আজকের ২০০ মিটার লড়াইয়ে গ্যাটলিন দ্বিতীয় হয়েছেন ১৯.৭৪ সেকেন্ড সময় নিয়ে। তৃতীয় স্থান ১৯.৮৭ সেকেন্ড সময় নেওয়া প্রোটিয়া দৌড়বিদ আনাসো জোবোদওয়ানার।

জাস্টিন গ্যাটলিনও হার মানলেন। ছবি: রয়টার্স।
জাস্টিন গ্যাটলিনও হার মানলেন। ছবি: রয়টার্স।

বেইজিংয়ের এই বার্ডস নেস্টেই আজ থেকে সাত বছর আগে বিশ্ব চিনেছিল বোল্টকে। এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বোল্টকে। বিশ্ব অ্যাথলেটিকসের একচ্ছত্র আধিপত্য যে তাঁরই সেটা তিনি প্রমাণ করেই চলেছেন।২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর থেকে এখনো পর্যন্ত অলিম্পিক ও বিশ্ব পর্যায়ের ১২টি ব্যক্তিগত প্রতিযোগিতার ১১টিতেই শ্রেষ্ঠত্ব নিজের দখলে রাখলেন তিনি। ২০১১ সালে দেগুর বিশ্ব প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে ফলস স্টার্ট নিয়ে ডিসকোয়ালিফাইড না হলে বোল্টের ইতিহাস হতো আরও অনন্য।

দৌড় শেষ। একই ভঙ্গিতে বিশ্বকে জানিয়ে দিলেন, ‘শ্রেষ্ঠত্ব আমারই।’ ছবি: রয়টার্স।
দৌড় শেষ। একই ভঙ্গিতে বিশ্বকে জানিয়ে দিলেন, ‘শ্রেষ্ঠত্ব আমারই।’ ছবি: রয়টার্স।

অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৬টি সোনা জিতেছেন ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট মিলিয়ে। তাঁর বাড়ির ট্রফি কেস তো ছোটখাটো এক সোনার খনিই! সূত্র: এএফপি।