বোল্টকে উপহার এবং রিওর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন বোল্টকে উলটে ফেলে দিয়েছিলেন। কাল এই ক্যামেরাম্যান বোল্টকে ব্রেসলেট উপহার দিয়ে যেন ‘প্রায়শ্চিত্ত’ করলেন l রয়টার্স
আগের দিন বোল্টকে উলটে ফেলে দিয়েছিলেন। কাল এই ক্যামেরাম্যান বোল্টকে ব্রেসলেট উপহার দিয়ে যেন ‘প্রায়শ্চিত্ত’ করলেন l রয়টার্স

একটু আগেই ২০০ মিটার জিতেছেন। বেইজিংয়ের বার্ডস নেস্টে উসাইন বোল্ট দর্শকদের অভিবাদনের জবাব দিতেই ব্যস্ত। পেছন থেকে ট্রলিতে তাঁকে অনুসরণ করছিলেন এক ক্যামেরাম্যান। হঠাৎ ভারসাম্য হারিয়ে উঠে পড়লেন বোল্টের গায়ের ওপর। ভারসাম্য হারিয়ে দুজনই পড়ে গেলেন ট্র্যাকের ওপর!
পরশুর এ ঘটনাটা এরই মধ্যে অনেকেই জেনে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোড়ন। ঘটনাটা দেখে অনেকেই হয়তো হেসে কুটিকুটি হয়েছেন, তবে দুর্ঘটনাটা বড় হতে পারত। সে রকম কিছু হয়নি বলেই বোল্ট সেটা নিয়ে মজাও করতে পারলেন, ‘সবাই বলছে জাস্টিন গ্যাটলিনই ওকে টাকা দিয়ে এটা করিয়েছে, আমারও তাই মনে হয়! তবে আমি ভালো আছি। এটা এমন কিছু নয়।’ গ্যাটলিনও পাল্টা রসিকতা করলেন, ‘আমি আমার টাকা ফেরত চাই, সে (ক্যামেরাম্যান) তার কাজটা ঠিকঠাক করেনি!’
তবে বোল্ট স্বীকার করলেন, ব্যাপারটা বড় কিছু হতে পারত, ‘ঘটনার সময় বেশ ভয় পেয়েছিলাম। দুর্ঘটনা অবশ্য হতেই পারে। আমার পায়ের এক-দুই জায়গায় ছড়ে গেছে। তবে অনুশীলনে এর চেয়েও বেশি কিছু সহ্য করতে হয়েছে আমাকে। গোড়ালিতে আঘাত লাগেনি, সে আমার পেশিতেই খানিকটা চোট দিয়েছে।’ কাল সেই ক্যামেরাম্যান অবশ্য বোল্টকে ‘ক্ষতিপূরণ’ হিসেবে একটা ব্রেসলেট উপহার দিয়েছেন।
কিন্তু বোল্ট আর কত দিন তাঁর বিস্ময় উপহার দিয়ে যাবেন? আগেই বলেছিলেন, ২০১৬ রিও অলিম্পিকে দৌড়েই বুটজোড়া তুলে রাখতে পারেন। লন্ডনে ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কি তাহলে আর দেখা যাবে না তাঁকে? বোল্টের কথায় একটা ফাঁক কিন্তু থেকে যাচ্ছে, ‘রিওর পরই আমি কেমন বোধ করি সেটার ওপর সব নির্ভর করছে। আমার পৃষ্ঠপোষকেরা তো আরও এক বছর আমাকে দেখতে চায়। কিন্তু আমার কোচ বলেছেন, আমি যদি যথেষ্ট উদ্যমী না থাকি তাহলে আমার লন্ডনে দৌড়ানো উচিত নয়।’
সেটা নাহয় পরের কথা, কিন্তু সামনের মাসে ব্রাসেলস ডায়মন্ড লিগ তো বোল্ট-গ্যাটলিন আরও একটা দ্বৈরথ আশা করে। ব্রাসেলসে দুজনই দৌড়াবেন, কিন্তু দ্বৈরথটা দেখা যাবে না। গ্যাটলিন ব্রাসেলসে দৌড়াবেন ১০০ মিটারে, আর বোল্ট নিজের পছন্দের ২০০ মিটারে। এএফপি।