
দু-তিন দিন ধরে অ্যাথলেটিকস বিশ্বে সবচেয়ে আলোচিত প্রশ্ন সম্ভবত এটিই, উসাইন বোল্ট কি রিও অলিম্পিকে দৌড়াতে পারবেন?
হ্যামস্ট্রিংয়ে হালকা (গ্রেড-১) চোটের কারণে গত শুক্রবার জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ১০০ মিটারের ফাইনাল থেকে সরে দাঁড়ান বোল্ট। এ কারণেই সংশয়, ৫ আগস্ট থেকে শুরু অলিম্পিকের আগে ট্র্যাকে ফিরতে পারবেন জ্যামাইকান স্প্রিন্টার? তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার। সেদিন জ্যামাইকান অ্যাথলেটিকস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের (জেএএএ) সভায় নির্ধারিত হবে বোল্টের ভাগ্য।
গত শুক্রবার ট্রায়াল থেকে সরে যাওয়ার সময় চিকিৎসাজনিত ছাড় নিয়েছিলেন বোল্ট। জ্যামাইকার নিয়ম অনুযায়ী চোটে পড়া কোনো অ্যাথলেট এই ছাড় নিয়েও অলিম্পিকে যেতে পারেন। তবে সে ক্ষেত্রে দুটি শর্ত আছে—র্যা ঙ্কিংয়ে সেরা তিনে থাকতে হবে, চোট থেকে ফিরে নিজের ফর্ম প্রমাণ করতে হবে। ২০০৮ ও ২০১২ অলিম্পিকে তিনটি করে সোনাজয়ী ও বর্তমান বিশ্ব রেকর্ডধারী বোল্টের জন্য নিজের ফর্ম প্রমাণের মঞ্চ এখন ২২ জুলাইয়ের লন্ডন অ্যানিভার্সারি গেমস। সেখানে ভালো করেই অলিম্পিক দলে ফেরার দাবি জানাতে পারবেন ২৯ বছর বয়সী স্প্রিন্টার।
তবে জ্যামাইকান স্প্রিন্টার যে ফিরবেন, এ নিয়ে কোনো সংশয়ই নেই জাস্টিন গ্যাটলিনের। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের পেছনে দ্বিতীয় হওয়া গ্যাটলিন অলিম্পিকেও নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে দেখার প্রত্যাশায় আছেন, ‘যেভাবেই হোক, রিওতে ওর মুখ আমরা দেখবই।’ প্রথমে অবশ্য বোল্টের চোটের খবরে চমকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার। ইউজিনে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে এসে গ্যাটলিন বললেন, ‘গত রাতে আমি একটা খুদে বার্তা পেয়েছিলাম। তখন ভাবছিলাম, “এটা কি এপ্রিল ফুল?”’ তবে নামটি বোল্ট বলেই রিওর ট্র্যাকে তাঁকে দেখার প্রত্যাশা গ্যাটলিনের, ‘অলিম্পিকের বছরে সব সময়ই ভুতুড়ে অনেক কাণ্ড হয়। এটা অলিম্পিকের একটা রহস্য। এই রহস্য অনেক স্বপ্ন দিয়ে গড়া। মাঝে মাঝে স্বপ্নটা সত্যি হয় না। তবে ও যে উসাইন!’
আরেক মার্কিন স্প্রিন্টার টাইসন গেও বোল্টকে আগস্টের অলিম্পিকে দেখার ব্যাপারে নিশ্চিত, ‘এটা রীতি হয়ে দাঁড়িয়েছে। ২০১২, গত বছর...আমি জানি ও আরও শক্তিশালী হয়েই ফিরে আসবে।’ তবে বোল্টের ফেরার প্রক্রিয়াটিকে একটু প্রচ্ছন্ন খোঁচাই দিয়েছেন গে, ‘ও চোটগ্রস্ত, কিন্তু মেডিকেল পাস আছে ওর। ওর দেশ এটাই করে। কিন্তু আমাদের দেশে তেমন হবে না। আপনাকে দৌড় শুরু করার লাইনে দাঁড়াতেই হবে।’
অন্য আমেরিকান স্প্রিন্টার মাইক রজার্স অবশ্য সরাসরিই প্রশ্ন তুলেছেন বোল্টের এভাবে সরে দাঁড়ানো নিয়ে, ‘আমার কাছে তো এটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে। অন্য সবার মতো ওরও দৌড়ানো উচিত। কিন্তু দিন শেষে, ও বোল্ট। অলিম্পিক চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। যতক্ষণ না ওকে কেউ হারাচ্ছে, অথবা ওর জায়গায় নতুন কেউ আসছে, ও যা চাইবে সেটিই করতে পারবে।’ এএফপি।