বোল্টে মেতেছে বিশ্ব

লন্ডন থেকে রিও ডি জেনিরো। এর মাঝে বয়স ৪ বছর বেড়েছে। আরেকটু ‘বুড়ো’ হয়েছেন উসাইন বোল্ট। কিন্তু সেটা শুধু বয়সের হিসাবেই। ট্র্যাকের বোল্ট তো আগের মতোই আছেন। চ্যাম্পিয়ন! ২০০৮ বেইজিংয়েই তিনি সবার ধরাছোঁয়ার বাইরে ছিলেন, চার বছর আগে লন্ডনে কেউ তাঁকে হারাতে পারেনি, পারেনি পরশু রিওতেও। ১০০ মিটারে আরও একবার জিতে এ গ্রহের দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখলেন জ্যামাইকান গতিদানব। গতির ঝড় তুলে তিনি রিও মাতাচ্ছেন, আর তাঁকে নিয়ে মেতেছে পুরো বিশ্ব। বোল্টে মুগ্ধ সবাই!
লন্ডনে বোল্টের কাছে হেরে তৃতীয় হয়েছিলেন, হেরেছেন ২০১৩ মস্কো ও ২০১৫ বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। এবার রিওতে হারলেন আরও একবার। বোল্টের ওপর জাস্টিন গ্যাটলিনের এত দিনে একটা ক্ষোভ তৈরি হয়ে যাওয়ার কথা। কিন্তু আসলে সেসব কিছুই নয়। ১০০ মিটারের ফাইনালের পর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর উচ্ছ্বসিত প্রশংসাই করলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার, ‘উসাইনের জন্য আমার মধ্যে সর্বোচ্চ শ্রদ্ধাই রয়েছে। ট্র্যাকের বাইরে সে অসাধারণ মানুষ। আমাদের মধ্যে কোনো খারাপ কিছু নেই। ওর সঙ্গে দ্বৈরথটাই আমাকে আজকের গ্যাটলিন বানিয়েছে।’
এই অলিম্পিকে তাঁর বাকি দুটি ইভেন্ট ২০০ মিটার ও ১০০ মিটার রিলের সোনা জিতলে ‘ট্রিপল ট্রিপল’-এর ইতিহাস গড়বেন বোল্ট। তাঁর একসময়ের সতীর্থ আসাফা পাওয়েল কিন্তু এরই মধ্যে শুভকামনা জানিয়ে দিয়েছেন, ‘আমার ভাই উসাইনকে অভিনন্দন। তুমি “ট্রিপল ট্রিপল” জিতে ফিরে এসো।’
শুধু ট্র্যাকের অ্যাথলেটরাই নন, বোল্টে মুগ্ধ অন্য খেলার খেলোয়াড়েরাও। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ যেমন বোল্টের জয়ের পরই টুইট করেছেন, ‘কী অসাধারণ অ্যাথলেট উসাইন বোল্ট! টানা তিনটি অলিম্পিকে ১০০ মিটারে চ্যাম্পিয়ন, ভাবা যায়!’ জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ তো তাদের অফিশিয়াল টুইটার থেকেই টুইট করেছে, ‘আমাদের বন্ধু উসাইন বোল্টকে অভিনন্দন।’ সঙ্গে বোল্টের বায়ার্ন সফরের একটা ভিডিও দিয়েছে ক্লাবটি।
বোল্টের মতো সন্তান জন্ম দিয়েছেন, এ জন্য গর্বিত তাঁর মা জেনিফার বোল্টও। তবে বোল্ট যেমন ‘ট্রিপল ট্রিপল’-এর স্বপ্ন নিয়ে এগোচ্ছেন, সে রকম একটা স্বপ্ন আছে তাঁর মায়েরও। আশা করছেন, রিও অলিম্পিক শেষেই তাঁর সেই স্বপ্ন সত্যি করে দেবেন ছেলে। কী সেই স্বপ্ন? জেনিফারের মুখেই শুনুন, ‘আশা করছি, সে এবার থিতু হবে, বিয়ে করবে, ঘর-সংসার করবে।’
মায়ের স্বপ্নপূরণের কথাটাও নিশ্চয়ই এখন মাথায় রাখবেন বোল্ট। এএফপি, ইউএসএ টুডে।