বোল্টের প্রতিদ্বন্দ্বী ব্লেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট
উসাইন বোল্ট

১০০ মিটার বা ২০০ মিটারের ফাইনালে তাঁকে শেষবার হারিয়েছিলেন জাস্টিন গ্যাটলিন। ২০১৩ রোম ডায়মন্ড লিগের ১০০ মিটারে গ্যাটলিনের সময় লেগেছিল ৯.৯৪ সেকেন্ড। তাঁর চেয়ে .০১ সেকেন্ড সময় বেশি নিয়েছিলেন উসাইন বোল্ট। কিন্তু ওটাই শেষ। এরপর মস্কো ও বেইজিংয়ে দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ গেছে, রিও ডি জেনিরোতে একটি অলিম্পিক। বোল্ট অজেয় থেকে গেছেন।

সামনের মাসে লন্ডনে আরও একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বোল্টকে হারানোর মতো কেউ কি আছেন? ১০০ মিটারের বিশ্ব রেকর্ডটা একসময় যাঁর ছিল, সেই কানাডার ডনোভান বেইলি কিন্তু মনে করেন, ওই রকম কেউ আসলেই নেই এই মুহূর্তে। আবার ১৯৯৭ এথেন্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে সোনা জেতা অটো বোল্ডনের মতে, একমাত্র বোল্টের সতীর্থ ইয়োহান ব্লেকেরই সামর্থ্য আছে, তাঁকে চ্যালেঞ্জ জানানোর।

২০০৮ থেকে এ গ্রহের দ্রুততম মানব বোল্ট। ২০০৯ সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের রেকর্ডটাই নিজে নতুন করে গড়েন, যা টিকে আছে এখনো। বয়সের ছাপ তাঁর পারফরম্যান্সে পড়েনি। আর এ কারণেই বোল্টকে আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অপ্রতিরোধ্য মনে করেন বেইলি, ‘বড় কোনো চ্যাম্পিয়নশিপে বোল্টের বিপক্ষে যদি কেউ বাজি ধরে, সে মোটেও বুদ্ধিমান নয়। এমনকি ওকে (বোল্ট) চ্যালেঞ্জ জানাতে হলেও কোনো অ্যাথলেটকে একেবারে নিখুঁত একটা দৌড় দিতে হবে।’

সেই নিখুঁত দৌড়ানোর সামর্থ্য একমাত্র বোল্টের জ্যামাইকান সতীর্থ ইয়োহান ব্লেকের আছে বলে মনে করেন অটো বোল্ডন। সাবেক ত্রিনিদাদিয়ান স্প্রিন্টারের মতে, ‘ব্লেক যদি সুস্থ ও ফিট থাকে, তার সামর্থ্য আছে বোল্টকে চ্যালেঞ্জ জানানোর। এ ছাড়া আর বোল্টকে চ্যালেঞ্জ জানানোর মতো এ বছর আমি আর কাউকে দেখেছি বলে মনে পড়ে না।’

আর এ কারণেই বোল্টকে সর্বকালের সেরা মেনে নিতেও কোনো আপত্তি নেই বোল্ডনের। স্প্রিন্টের অন্য কিংবদন্তিদের সঙ্গে বোল্টের তুলনা করে বলেছেন, ‘আমার মনে হয় না, এমন কাউকে পাওয়া যাবে যে তাকে সর্বকালের সেরা মনে করে না। জেসি ওয়েন্স খুব গুরুত্বপূর্ণ ছিলেন। কার্ল লুইস স্প্রিন্টটাকে লাভজনক করে তুলেছে। কিন্তু বোল্টই সর্বকালের সেরা।’ টাইমস অব ইন্ডিয়া।