বোল্টের বছর, কলঙ্কেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরে দেখা ২০১৫: ট্র্যাকের ‘বিদ্যুৎ’, ট্র্যাকের ‘ঝড়’
ফিরে দেখা ২০১৫: ট্র্যাকের ‘বিদ্যুৎ’, ট্র্যাকের ‘ঝড়’

দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৫। এই বছর কেমন গেছে খেলাধুলার জগৎটা? পেছন ফিরে তাকালে উঠে আসবে প্রাপ্তি-অপ্রাপ্তি-আনন্দ-বেদনার বর্ণিল এক উপাখ্যান। ধারাবাহিক বর্ষপরিক্রমায়
আজ আন্তর্জাতিক অ্যাথলেটিকস—

.
.

জাস্টিন গ্যাটলিনের নিজেকে ফিরে পাওয়া, ট্র্যাকে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখা উসাইন বোল্টের, আর ডেকাথলনে অ্যাশটন ইটনের বিশ্ব রেকর্ড—অতি সংক্ষেপে এই হলো ২০১৫ সালে অ্যাথলেটিকস। কিন্তু এটি মাঠের হিসাব। মাঠের বাইরেও খেলাটিতে এ বছর ঘটে গেছে বড় ‘ঘটনা’। সেটি লজ্জার, কলঙ্কের। ডোপিংয়ে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা’র দায়ে অ্যাথলেটিকস থেকে নিষিদ্ধ হয়েছে রাশিয়া।
শেষ ভাগে কলঙ্কে ঢাকা পড়ার আগে ব্যক্তিগত একটা দ্বৈরথের সম্ভাবনা নিয়েই শুরু হয়েছিল বছরের অ্যাথলেটিকস। আগের বছর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন জাস্টিন গ্যাটলিন। আমেরিকান এই স্প্রিন্টার একের পর এক ভালো টাইমিং উপহার দিচ্ছিলেন। টাইমিংয়ের হিসাবে কিন্তু ১০০ মিটারে বছরটি তাঁরই। সেরা পাঁচটি টাইমিংই (৯.৭৪, ৯.৭৫, ৯.৭৫, ৯.৭৭, ৯.৭৮) গ্যাটলিনের। অন্যদিকে ট্র্যাকের রাজা উসাইন বোল্ট ছিলেন অনেকটাই নিষ্প্রভ। আসলে চোটের কারণে খুব বেশি মিটে অংশ নেওয়া হয়নি তাঁর। তারপরও যে কয়েকটি মিটে দৌড়েছিলেন, সেটিও বোল্ট-সুলভ ছিল না। বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে তাঁর বছর-সেরা টাইমিং ৯.৮৭।
দুজনের বিপরীতমুখী এই পারফরম্যান্সের কারণে আগস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপকে ঘিরে দারুণ আগ্রহ তৈরি হয়েছিল অ্যাথলেটিকস-প্রেমীদের মনেও। বোল্ট কি হারিয়ে যাবেন? ট্র্যাকের নতুন রাজা হিসেবে আবির্ভূত হবেন জাস্টিন গ্যাটলিন? সাত বছর আগে যে বেইজিংয়ে বোল্টের রাজকীয় উত্থান, সেখানেই কি হবে এসব প্রশ্নের ফয়সালা? কিন্তু বার্ডস নেস্টের ট্র্যাকে জ্যামাইকান স্প্রিন্টার যথারীতি ‘লাইটনিং বোল্ট’। স্বরূপে আবির্ভূত বোল্ট ১০০ মিটারে সোনা জিতলেন। টাইমিং ৯.৭৯ সেকেন্ড। সেকেন্ডের ১০০ ভাগের ১ ভাগ সময় পরে দৌড় শেষ করে দ্বিতীয় গ্যাটলিন।
বোল্টের এই সাফল্যের তাৎপর্যটাও কারও কারও কাছে একটু অন্য রকম। দুই দফায় ডোপ পাপে নিষিদ্ধ হয়ে ট্র্যাকে ফিরেছিলেন গ্যাটলিন। ফিরে আসার পর দুর্দান্ত ফর্মে থাকলেও অ্যাথলেটিকস-বিশ্বে তাঁর ভাবমূর্তিটা দাঁড়িয়ে গিয়েছিল খলনায়কের। আর বোল্ট তো ডোপিংয়ের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার। কেউ কেউ তাই এটাকে দেখছিলেন ভালো আর মন্দের চিরাচরিত লড়াই হিসেবে। যে লড়াইয়ে ‘ভালো’কে জেতানোর দায় চেপে গিয়েছিল বোল্টের কাঁধে। যেটি পালন করে এটাও বুঝিয়ে দিয়েছেন ট্র্যাকে তাঁর রাজত্ব ছিল, আছে এবং থাকছে। ১০০ মিটারের পর জিতেছেন ২০০ মিটার এবং রিলেতেও। সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রেকর্ড ১১টি সোনাও তাঁর ঝুলিতে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের বছরটিতে মাঠের পারফরম্যান্সে থাকছেন ডেকা অ্যাথলেট অ্যাশটন ইটন ও দূরপাল্লার দৌড়বিদ মো ফারাহও। বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটিই মাত্র বিশ্ব রেকর্ড হয়েছে এবং সেটি ‘অলরাউন্ডার’ ইটনের। নিজের গড়া আগের রেকর্ডটি ভাঙার জন্য ডেকাথলনের শেষ ইভেন্ট ১৫০০ মিটার দৌড়টা তাঁকে শেষ করতে হতো ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ড বা তার চেয়ে কম সময়ে। আমেরিকান ‘লৌহমানব’ সেটি করে এই ইভেন্টে গড়েছেন ৯০৪৫ পয়েন্টের নতুন বিশ্ব রেকর্ড।
সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহও যথারীতি তাঁর রাজত্ব ধরে রেখেছেন ৫ ও ১০ হাজার মিটারে। প্রথম প্রতিযোগী হিসেবে টানা দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও মাঝে একটি অলিম্পিকে ‘ডাবল’ জিতলেন মো ফারাহ।
তবে মাঠের এই সব আলোকিত পারফরম্যান্স ঢাকা পড়ে গেছে ডোপ কেলেঙ্কারির খবরে। অ্যাথলেটিকসে ডোপিং কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দীর্ঘদিন ধরে তদন্ত করছিল বিশ্ব মাদকবিরোধী সংস্থার (ওয়াডা) একটি স্বাধীন তদন্ত কমিশন। নভেম্বরে প্রকাশিত সেই তদন্ত প্রতিবেদন রীতিমতো বোমা ফাটায় অ্যাথলেটিকসে। যে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে গণহারে পারফরম্যান্স-বর্ধক নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করছেন রাশিয়ান অ্যাথলেটরা। ব্যাপারটি তাদের ক্রীড়া সংস্কৃতির অংশই হয়ে দাঁড়িয়েছে। আর এ ব্যাপারে অব্যাহতভাবে রাশিয়ান অ্যাথলেটরা পেয়ে আসছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও। ৩২৩ পৃষ্ঠার সেই তদন্ত প্রতিবেদনের ফল, অ্যাথলেটিকসকে কলঙ্কে ডুবিয়ে সাময়িকভাবে নিষিদ্ধ রাশিয়া।
বোল্টের বছরটা তাই কলঙ্কেরও!

ফ্লাইং ডাচ
.
.
ছিলেন হেপ্টাথলেট। ড্যাফনে শিপার্স স্প্রিন্টকে ধ্যানজ্ঞান করেছেন এ বছরের জুনে। আর দুই মাসের মধ্যেই এই শিপার্স বেইজিংয়ে জিতলেন ২০০ মিটারের বিশ্ব শিরোপা। সেটাও গত ১৭ বছরের মধ্যে সেরা সময় করে। ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে ডাচকন্যা ভেঙেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের রেকর্ড। মেয়েদের ২০০ মিটারের ইতিহাসে শিপার্সের চেয়ে ভালো টাইমিং আছে শুধু ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ও মারিয়ন জোন্সের।