বোল্টের মনেও বিদায়ের রাগিণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট কোথাও গেছেন, আর তাঁকে ‘লাইটনিং বোল্ট’ পোজ দিতে হয়নি—এমন হয়েছে নাকি কখনো! লন্ডন অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর দুই দিন আগে পরশু লন্ডনে সংবাদ সম্মেলনে চেনা বোল্ট l এএফপি
উসাইন বোল্ট কোথাও গেছেন, আর তাঁকে ‘লাইটনিং বোল্ট’ পোজ দিতে হয়নি—এমন হয়েছে নাকি কখনো! লন্ডন অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর দুই দিন আগে পরশু লন্ডনে সংবাদ সম্মেলনে চেনা বোল্ট l এএফপি

বড় পর্দায় একে একে বেশ কয়েকজন তারকা তাঁকে বিদায়ী শ্রদ্ধা জানিয়ে গেলেন। শুরুতেই জ্যামাইকানদের পক্ষ থেকে আসাফা পাওয়েল, তারপর ইংলিশ সুপার মডেল ও অভিনেত্রী কারা ডেলেভিন, কিংবদন্তি ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, হলিউড অভিনেতা ইদ্রিস এলবা এবং সবশেষে পাল্প ফিকশনখ্যাত অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন।

যাঁর সম্পর্কে সবাই বলছিলেন, তিনিও মঞ্চে বসে দেখলেন পুরো ভিডিওটা। চেহারা দেখে মনে হলো একটু আবেগাপ্লুতও হয়ে পড়েছেন। তবে সেই আবেগ সামলেই বললেন, ‘এ রকম বড় বড় মানুষের কাছ থেকে চমৎকার এসব কথা শোনা দারুণ ব্যাপার।’

এটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু ঝামেলাটা বাধালেন অনুষ্ঠানের উপস্থাপক কলিন জ্যাকসন। ১১০ মিটার হার্ডলসের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এই ওয়েলস স্প্রিন্টার প্রায় ধরা গলায় বললেন, ‘সামনের শনিবার তুমি যখন ১০০ মিটার ফাইনালে শেষবারের মতো দৌড়াবে, স্টেডিয়ামের অনেকের চোখেই পানি থাকবে। আমিও হয়তো সেই অনেকের মধ্যে থাকব।’

এরপর কি আর উসাইন বোল্টের চোখ ছলছল না করে পারে! লন্ডনেই শেষ—এই ঘোষণা নিজেই অনেক আগে দিয়ে রেখেছেন। নিশ্চয়ই মনে মনে বিদায়ের জন্য প্রস্তুতও। শনিবার ১০০ মিটারের পর ১২ আগস্ট ১০০ মিটার রিলের ফাইনাল। তারপর তিনি অতীত হয়ে যাবেন, নামের আগে ‘সাবেক’ বসবে, ট্র্যাকে আর পড়বে না তাঁর পদচিহ্ন—এর চেয়ে বিষাদময় ভাবনা আর কী হতে পারে!

অথচ পরশু অনুষ্ঠানটা শুরু হয়েছিল বেশ হাসি-ঠাট্টার মধ্য দিয়ে। লন্ডনে ক্যারিয়ারের শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে বোল্টের সংবাদ সম্মেলন। আর বোল্ট কোথাও গেলে যা হয়! নিজেই মাতিয়ে রাখেন সবাইকে। গত বছর রিও অলিম্পিকে নামার আগে এ রকম একটা সংবাদ সম্মেলনে তো ব্রাজিলিয়ান মেয়েদের সঙ্গে সাম্বাও নেচেছেন। লন্ডনে কাল অবশ্য এত আয়োজন ছিল না। কিন্তু বোল্ট নিজে থাকলে আর কী লাগে! সংবাদ সম্মেলনে ঢুকতেই টের পেলেন, ঘরের এক পাশ থেকে জোরে তালির আওয়াজ আসছে, অন্য পাশ থেকে কিছুটা কম। যে পাশে জোরে তালি বাজছিল, সেদিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ‘আমি আপনাদের ভালোবাসি। ওপাশের লোকগুলো খুব একঘেয়ে!’ এবার দুপাশ থেকেই ডেসিবেলের মাত্রা চড়ে গেল।

সংবাদ সম্মেলনের চেয়ে আড্ডার আমেজটাই অবশ্য বেশি ছিল। এমনিতেও বোল্টের সংবাদ সম্মেলনে বেশ মন খুলে প্রশ্ন করা যায়। ২০১৪ গ্লাসগোর কমনওয়েলথ গেমসের সংবাদ সম্মেলনে তো এক সাংবাদিক বোল্টকে ফিলিস্তিন সমস্যা নিয়ে তাঁর ভাবনাও জানতে চেয়েছিলেন! কাল অবশ্য কেউ এতটা ‘বিপথগামী’ হননি। বোল্টের বিদায় নিয়েই বেশি কথাবার্তা হয়েছে।

কলিন জ্যাকসনই যেমন জানতে চেয়েছেন, ‘তুমি নিজেই নিজেকে কিংবদন্তি বলো। অন্যরা যখন নিজেকে কিংবদন্তি বলে, ওদের মুখে সেটা ঔদ্ধত্যের মতো শোনায়। কিন্তু তোমার মুখে শুনে মনে হয়, এটাই তো স্বাভাবিক। কীভাবে সম্ভব এটা?’ মুচকি হেসে বোল্ট বলেছেন, ‘আমি খুব সহজে এটা বলতে পারি, কারণ আমি ট্র্যাকে নিজেকে প্রমাণ করেছি বারবার। আর ট্র্যাকের বাইরে আমি ততটাই সহজ-সরল।’

এমনিতে বড় আসরে সেরাটা দিতে তাঁর জুড়ি নেই। ২০১২ লন্ডন অলিম্পিক বা ২০১৬ রিও অলিম্পিকের আগে তাঁকে ঘিরে যে অল্পবিস্তর দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেগুলো দূর করে দিয়েছেন আসল সময়ে। এবারও ১০০ মিটারে বছরের সেরা টাইমিং করা স্প্রিন্টারদের তালিকায় বোল্ট অনেক পেছনে। সাত নম্বরে তাঁর নাম! লন্ডনে কি তাহলে আন্ডারডগ হিসেবে দৌড়াবেন? এবারও বোল্টের মুখে হাসি, ‘পত্রপত্রিকায় তো সে রকমই পড়ছি। আমার দলের সবাই আমাকে বলছে, তোমার আবার নিজেকে প্রমাণ করতে হবে!’

২০০৮ থেকে এ গ্রহের দ্রুততম মানব বোল্ট। বেইজিং অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে ‘স্প্রিন্ট ডাবল’ জেতার পরের বছর বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাঙেন নিজের রেকর্ড। ১০.৫৮ ও ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড দুটি এখনো অম্লান। কেউ কি তা ভাঙতে পারবেন কখনো? বোল্টের উত্তরটা তো অনুমান করতেই পারেন। ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’ এই জাতীয় কিছুই তো বলার কথা। অনুমান মিলে গেলে তিনি আর বোল্ট কেন? জ্যামাইকান বজ্রবিদ্যুৎ উত্তর দিয়েছেন, ‘আশা করছি পারবে না। কোনো অ্যাথলেটই চায় না নিজের জীবদ্দশায় তাঁর রেকর্ড ভাঙুক। আমিও চাই না। আমি চাই, আমার ছেলেমেয়েরা যখন ১৫-২০ বছর বয়সী হবে, গর্ব করে ওদের যেন বলতে পারি—দেখো, আমি এখনো সেরা।’

শনিবার ১০০ মিটারের ফাইনাল। রোববার সকালে আপনাকে নিয়ে পত্রিকার শিরোনাম কী হতে পারে? একটুও না ভেবে বোল্ট বলে দিলেন, ‘অপরাজেয়! রিলের কথা আমি বলতে পারি না। কিন্তু ব্যক্তিগত ইভেন্টে আমি অপরাজেয় থেকেই শেষ করব। শিরোনাম হবে—“অপরাজেয়, অপ্রতিরোধ্য বোল্ট”। লিখে রাখুন এখনই।’

এই না হলে উসাইন বোল্ট! এএফপি ও গার্ডিয়ান।