বোল্টের সেরা দৌড়!

বার্ডস নেস্টের ট্র্যাকে পরশু ১০০ মিটার দৌড়টা সবে শেষ হয়েছে। আরও একবার বিশ্বসেরা হওয়ার আনন্দে বোল্ট কখনো চোখ টিপে মজা করছেন, কখনো চুমু উড়িয়ে দিচ্ছেন দর্শকদের দিকে, কখনো বা ‘লাইটনিং বোল্ট’ পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। এরই মধ্যে অনলাইন সংবাদমাধ্যমগুলোয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখের প্রতিক্রিয়া চলে এল, ‘ঐতিহাসিক জয়ে বোল্টকে অভিনন্দন। বার্ডস নেস্টে আবারও তাঁকে জিততে দেখা দারুণ ব্যাপার।’ আচ্ছা, বোল্টের বদলে জাস্টিন গ্যাটলিন জিতলে কি এতটা আনন্দিত হতেন বাখ?
বেইজিংয়ে ফাইনালের আগে বোল্ট-গ্যাটলিন লড়াই নিয়ে অনেক আলোচনাই হয়েছে। সেখানে বারবার ঘুরেফিরে এসেছে বোল্টের চোট আর গ্যাটলিনের দুর্দান্ত ফর্মের কথা। তবে সব ছাপিয়ে এই দৌড়টা যেন হয়ে উঠেছিল ভালো আর মন্দের প্রতীকী লড়াই। যেখানে বোল্ট ‘ভালো’ মানে শুদ্ধতার প্রতীক, আর গ্যাটলিন ‘মন্দ’, ডোপপাপী।
অলিম্পিক সভাপতি হিসেবে সরাসরি কোনো অ্যাথলেটের পক্ষ নেওয়াটা বাখকে হয়তো মানায় না। কিন্তু ভালো আর মন্দের প্রতীকী লড়াইয়ে তিনি কোন পক্ষে, সেটা বাখ পরোক্ষে বুঝিয়ে দিয়েছিলেন আগেই। অনেকবার বলেছেন, ডোপপাপীদের আজীবন নিষিদ্ধ করার পক্ষে তিনি। সেই ডোপপাপী কেউ যে ১০০ মিটারে চ্যাম্পিয়ন হননি, এতে বাখ তো খুশি হবেনই। আর শুধু বাখ কেন, আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি সেবাস্তিয়ান কো-ও তো আগেই বলে দিয়েছিলেন, গ্যাটলিন জিতে গেলে তিনি খুব ‘বিচলিত’ হতেন।
ভালো আর মন্দের লড়াইয়ে শেষ পর্যন্ত ভালোর জয়। ব্যাপারটা কীভাবে দেখছেন—এই প্রশ্ন বোল্টকেও করা হয়েছিল। বিশ্বের দ্রুততম মানব অবশ্য এ বিতর্কে জড়াতে চাননি। সাংবাদিকদের বলেছেন, ‘এটা তো আপনারা লিখবেন। আপনারাই তো বলেছিলেন, খেলাটাকে বাঁচানোর দায়িত্ব আমার কাঁধে। সুতরাং এখন আপনাদেরই এটা লিখতে হবে। আমি দেখিয়েছি যে, শুদ্ধ থেকেও জেতা সম্ভব।’
তবে সেই জয়টা যে কতটা কঠিন ছিল, সেটা বোল্টই জানেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন দৌড়। আমি পুরো মৌসুমে অনেক চোটে পড়েছি। ওদিকে জাস্টিন খুব ভালো দৌড়াচ্ছিল এবং অনেক কম সময় নিচ্ছিল।’
ভালো-মন্দের লড়াইয়ের কারণেই হোক, কিংবা ফাইনালের আগে ফর্ম বিচারে, বোল্টের এই জয়ের আলাদা মাহাত্ম্য দেখছেন কিংবদন্তি আমেরিকান অ্যাথলেট মাইকেল জনসনও। মুগ্ধ হয়ে বলেছেন, ‘এটাই উসাইন বোল্টের সেরা দৌড়। সেও এই জয় নিয়ে গর্বিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা কৌশলের ব্যাপার নয়। এটা জীবনের জন্য দৌড়ানোর বিষয় এবং সেটা করার সামর্থ্য
তার আছে।’
দুই দফায় ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন গ্যাটলিন। শাস্তি কাটিয়ে ট্র্যাকে ফিরেছেন, ফিরেছেন অবিশ্বাস্য ফর্মেও। কিন্তু লড়াইয়ে নামার আগে থেকেই শুনছেন, তাঁর গায়ে মন্দ লোকের তকমা লেগে গেছে। কেমন সেই অনুভূতি? গ্যাটলিনের হয়ে জবাবটা দিয়েছেন তাঁর এজেন্ট রেনাল্ডো নেহেমিয়া, ‘সে ক্রুদ্ধ নয়, তবে কিছুটা মর্মাহত। আমরা একজনকে তারকা বানাই তাকে ভেঙে ফেলার জন্য। এটাই মানুষের চরিত্র।’
চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার এমন ফর্মে ফেরাটা কত কঠিন, সেটাও বোঝালেন নেহেমিয়া, ‘সাধারণত ডোপ নিয়ে নিষিদ্ধ হলে ক্যারিয়ারই শেষ হয়ে যায়। কিন্তু সে ফিরেছে, তার প্রতিভা প্রমাণ করেছে। চার বছরের নিষেধাজ্ঞা তাকে শেষ করে দিতে পারত, কিন্তু সে শেষ হয়ে যায়নি।’ এএফপি।