বোল্টের হিট দেখতেই স্টেডিয়াম ভর্তি দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্র্যাকে ঢুকেই দর্শকদের প্রতি বোল্টের আহবান, আরও জোরে তালি দিতে হবে! ছবি: রয়টার্স
ট্র্যাকে ঢুকেই দর্শকদের প্রতি বোল্টের আহবান, আরও জোরে তালি দিতে হবে! ছবি: রয়টার্স

সকাল থেকেই অলিম্পিক স্টেডিয়ামমুখী মানুষের মিছিল। ডিসকাস থ্রোর ফাইনাল আছে, কোনো দিনই যা তেমন দর্শকপ্রিয় নয়। বাকি সব তো হিট। অ্যাথলেটিকসের হিট দেখতে এত দর্শক!
হিট, তাতে কী! হিটেই যে প্রথম দেখা দেবেন অলিম্পিকের সবচেয়ে প্রার্থিত মুখ। ১০০ মিটার হিটে দৌড়াবেন উসাইন বোল্ট। দুপুর ১২টায় (বাংলাদেশে রাত ৯টা) হিট শুরু হলো। বোল্ট অবশ্য দৌড়ালেন আরও প্রায় পৌনে এক ঘণ্টা পর, সপ্তম হিটে। তিন না চার নম্বর হিট যখন চলছে, স্টেডিয়ামের বড় পর্দায় দেখাল তাঁকে। ওয়ার্ম আপ জোনে পিঠে একটা হ্যাভারস্যাক নিয়ে অলস ভঙ্গিতে হেঁটে আসছেন অন্য স্প্রিন্টারদের সঙ্গে। তুমুল করতালিতে ফেটে পড়ল স্টেডিয়াম। ৪৭ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে তখন সামান্য কিছু আসনই ফাঁকা।
দৌড় শুরু করার জন্য যখন ঢুকলেন, তখন সেটির আওয়াজ আরও বাড়ল। একটু পর স্টার্টিং লাইনে দাঁড়ানো বোল্ট নিজেই মাথার ওপর দুই হাত তুলে দর্শকদের করতালি দিতে বললেন। বোল্ট যা-ই করেন, তাতেই দর্শকের আনন্দ। নিজে থেকে চাওয়া করতালির দাবি তো তারা মেটাবেনই। দৌড়ের মতো দৌড়ের আগে-পরে বোল্ট যা করেন, সেটিও একই রকম দর্শনীয়। এ দিন অবশ্য বেশি কিছু করলেন না। একবার শুধু ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বললেন সবাইকে। বড় পর্দায় যখন প্রতিযোগীদের নাম দেখাচ্ছে, তাঁর নাম বলার পর মাথায় হাত বোলালেন দুই/তিনবার।
বোল্টের হিটে বাকি সাতজনের মধ্যে তিনজন ছিলেন, যাঁদের সেরা সময় ১০ সেকেন্ডের নিচে। হিটটা অবশ্য হেসেখেলেই জিতলেন। আসলে জেতার জন্য যতটুকু দরকার, ততটুকুই দৌড়ালেন বোল্ট। শেষ দিকে আয়েশি ভঙ্গিতে পা ফেলার যে দৃশ্যটাকে ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন, সেটিও দেখা গেল। তার পরও সময় নিলেন ১০.০৭ সেকেন্ড। 

হিটের সময়ে কিছু আসে যায় না। তবে পরে মিক্সড জোন দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বোল্ট সাংবাদিকদের বলেছেন, নিজেকে একটু ধীরই মনে হয়েছে তাঁর। এত সকালে দৌড়ে আসলে অভ্যাস নেই তো! হ্যামস্ট্রিং চোটের কারণে জ্যামাইকান ট্রায়াল শেষ করতে পারেননি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে তাই কৌতূহল থাকছেই। বোল্ট যদিও জানালেন, ‘আমি ঠিক আছি। আই অ্যাম হ্যাপি। শুরুতেই বাকি সবার চেয়ে এগিয়ে যেতে পেরেছি, এ জন্য আরও খুশি। এখন ফাইনালে সবকিছু ঠিকভাবে করার পালা।’
ফাইনালের আগে অবশ্য তিনটি সেমিফাইনাল আছে। আগামীকাল রাত ৯টা, ৯টা ৭ ও ৯টা ১৪ মিনিটে (বাংলাদেশের সময় বের করতে ৯ ঘণ্টা যোগ করে নিন)। ফাইনাল হবে রিওর সময় রাত ১০টা ২৫ মিনিটে। ফাইনালের আটজনের মধ্যে নাম লেখানোর জন্য সেমিফাইনালে জোর লড়াই হবে ধারণা বোল্টের, ‘সেমিফাইনালগুলো খুব ভালো হবে। অনেকে খুব দ্রুত দৌড়াচ্ছে। সেমিফাইনাল তাই জমবে। এমন হলেই ভালো। তাতে নিজেও জোরে দৌড়ানো যায়।’
আর বোল্ট জোরে দৌড়ালে এই বিশ্বে তাঁকে হারানোর মতো কেউ নেই, এটা তো জানা কথাই। এই অলিম্পিকেও কি বদলাবে এই সত্যিটা?