ব্যর্থ অস্ট্রেলিয়ানরা বিছানা ভেঙেছেন, দেয়াল করেছেন ফুটো

অলিম্পিকে ব্যর্থ অস্ট্রেলিয়ানদের এ কেমন আচরণ!ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলায় হার–জিত তো আছেই। কেউ জিতবে, কেউ হারবে—খেলার সৌন্দর্য তো এটিই। কিন্তু টোকিও অলিম্পিকে সাফল্য লাভে ব্যর্থ কিছু অস্ট্রেলীয় ক্রীড়াবিদ যা করেছেন, সেটি আসলে চূড়ান্ত অভদ্রতা।

অলিম্পিক থেকে দেশে ফেরার আগে এই অস্ট্রেলীয় ক্রীড়াবিদেরা গেমস ভিলেজে ভাঙচুর করে নিজেদের খেদ মিটিয়েছেন।

অলিম্পিক আয়োজকেরাই অভিযোগের আঙুল তুলেছেন অস্ট্রেলীয় ক্রীড়াবিদদের দিকে। তাঁরা নাকি গেমস ভিলেজ ছাড়ার আগে বিছানার চাদর নষ্ট করেছেন, ফুটো করেছেন দেয়াল। অস্ট্রেলিয়ার ফুটবল আর রাগবি ফেডারেশন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অভিযোগ আমলে নিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্তও নিয়েছে।


অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা অলিম্পিক আয়োজকদের কাছ থেকে কিছু অভিযোগ পেয়েছি, সেটি খতিয়ে দেখব। তবে যে ফ্লাইটে তাঁরা এসেছেন, সে ফ্লাইটের কারও কাছ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি।’

গেমস ভিলেজের খাট ভেঙেছেন কেউ, কেউ দেয়াল ফুটো করেছেন
ছবি: রয়টার্স

অস্ট্রেলীয় অলিম্পিক কমিটির আরেক শীর্ষ কর্মকর্তা ইয়ান চেস্টারম্যান বিষয়টি অস্বীকার করেননি, ‘কেউ কেউ কিছু অগ্রহণযোগ্য আচরণ করেছে। এটা তারুণ্যের ভুলই বলব আমি। তারা গেমস ভিলেজের একটি কক্ষ যেভাবে ছেড়ে এসেছে, সেটি উচিত হয়নি। তবে ক্ষয়ক্ষতি নিয়ে যা বলা হচ্ছে, সেটি ঠিক নয়। গেমস ভিলেজের কার্ডবোর্ডের তৈরি বিছানা ভেঙে যেতেই পারে।’


অলিম্পিকে অন্যতম সেরা দলই অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১৫টি সোনা জিতে পঞ্চম স্থানে আছে তারা। রুপা জিতেছে ৪টি আর ব্রোঞ্জ ১৭টি।