জুলি বানেল এখন কী বলবেন?
১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতা কাইল চামার্সকে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল না খেলে সাঁতারই চালিয়ে যেতে বলেছিলেন তাঁর নানি জুলি। কারণ বয়স হয়ে গেলে সাঁতারে ভালো করার সুযোগ থাকে না।
অথচ অবসর থেকে ফিরে আবারও পুলে ঝড় তুলছেন মাইকেল ফেল্প্স। ৩১ বছর বয়সেও রিওতে সোনার পর সোনা জিতছেন। এই অলিম্পিকেই সবচেয়ে বেশি বয়সী সাঁতারু হিসেবে সোনা জেতার রেকর্ড গড়েছিলেন ফেল্প্স। কালই সেই রেকর্ড ভেঙে দিলেন স্বদেশি অ্যান্থনি আরভিন, ছেলেদের সাঁতারে একসময়ের সর্বকনিষ্ঠ অলিম্পিক সোনাজয়ী আরভিন! অলিম্পিকে প্রথম সোনা জয়ের ১৬ বছর পর ৩৫ বছর বয়সে বিশ্ব সাঁতারের দ্রুততম মানব (৫০ মিটার ফ্রিস্টাইল) হয়েছেন তিনি। কতটা অবিশ্বাস্য এই কীর্তি? আরভিনের উত্তর, ‘আমার হাসি পেয়েছে। আবারও এটা জেতা খানিকটা হাস্যকর।’
অ্যান্থনি আরভিন—সাঁতারের রহস্যমানব! মাত্র ১৯ বছর বয়সে ২০০০ সিডনি অলিম্পিকে সোনা জয়। সে স্বর্ণযাত্রা চলে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। পৃথিবী তো তখন তাঁর হাতের মুঠোয়। এথেন্স অলিম্পিকেও নিশ্চয়ই ‘ঝড় তুলবেন আরভিন’—এ আলোচনা শুরু হব হব করছে, এ সময়ই বিনা মেঘে বজ্রপাত। মাত্র ২২ বছর বয়সে অবসরে চলে গেলেন আরভিন!
কারণ? নিজেকে খুঁজে ফেরার তাগিদ অনুভব করেছেন। শুধু সাঁতার ও পুলে নিজেকে আটকে রাখতে চাননি, জীবনটাকে দেখতে চেয়েছেন। পেতে চেয়েছেন অপরিচিত স্বাদ! খুঁজেছেন জীবনের মানে, ‘কেউ কোনো কিছুতে ভালো হলে সেখানেই নিজেকে আটকে রাখে। আমি সেটি পারিনি, ভেবেছি আরও ভালো কিছু নিশ্চয়ই আছে জীবনে।’
অলিম্পিকের সোনাটি দান করে দিয়ে শুরু হলো সে যাত্রা। ২০০৪ সালের সুনামিতে ক্ষতিগ্রস্তদের জন্য নিজের অলিম্পিক সোনাটি বিক্রি করে দেন। যাযাবরের মতোই পরে দিন কাটিয়েছেন। অবসরের পর কোনো জায়গায় ৯ মাসের বেশি দিন থিতু হননি। এই সময়টা ঘুরে বেড়িয়েছেন, শরীরে উল্কি আঁকিয়েছেন, ব্যান্ড দলে গিটার বাজিয়েছেন। সাঁতার শিখিয়ে নিজের দৈনন্দিন খরচ চালিয়েছেন।
২০১১ সালে আবারও শুনতে পেলেন পুলের ডাক, ‘মনে হলো যা অর্জনের জন্য বেরিয়েছিলাম, সবই পেয়েছি। এখন সময় হয়েছে ফেরার, যা বিসর্জন দিয়েছিলাম সেগুলো ফেরত পেতে হবে।’
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ফিরেই হয়েছিলেন পঞ্চম। রিও অলিম্পিকে তাই আরভিনকে নিয়ে কোনো মাতামাতি ছিল না। ফেল্প্সও যে ফিরেছেন, ঝড় তুলেছেন পুলে। শুক্রবারের ফাইনালেও পরিষ্কার ফেবারিট ছিলেন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাদু, লন্ডন অলিম্পিকের সোনাজয়ী। শুরুতে এগিয়েছিলেন মানাদুই, কিন্তু শেষ দিকে এসে সেকেন্ডের এক শ ভাগের এক ভাগ সময়ের ব্যবধানে জিতে গেলেন আরভিন (২১.৪০ সেকেন্ড)। কী অবিশ্বাস্য, সিডনি অলিম্পিকে গ্যারি হলের সঙ্গে যৌথভাবে সোনা জিততে এর চেয়েও বেশি সময় নিয়েছিলেন (২১.৯৮ সেকেন্ড)।
তবু ‘বুড়ো’ আরভিনের দাবি, ‘আমি যতটা আশা করেছিলাম আজ তার চেয়ে ধীর ছিলাম!’ রয়টার্স।