ভারতীয় অ্যাথলেটের ডোপ কেলেঙ্কারিতে বাড়ল বাংলাদেশের পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুয়াহাটিতে ওজন তুলছেন নিশি। ছবি: প্রথম আলো
গুয়াহাটিতে ওজন তুলছেন নিশি। ছবি: প্রথম আলো

প্রায় ১৪ মাস কেটে গেছে সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমস শেষ হয়েছে। এত দিন পর একটা সুখবর পেয়েছে বাংলাদেশ—এই গেমসে একটি পদক বেড়েছে। ডোপ টেস্টে ধরা পড়েছেন এসএ গেমসে ভারোত্তোলনে ৭৫ কেজি ঊর্ধ্ব ওজনশ্রেণিতে সোনা জেতা সুশীলা পানোয়ার। এই পথ ধরেই ব্রোঞ্জ পেতে যাচ্ছেন বাংলাদেশের ভারোত্তোলক জহুরা আক্তার নিশি।
গত বছর ফেব্রুয়ারিতে গুয়াহাটির ভোগেশ্বরী ফুকানানি ইনডোরে ওজন তুলেছিলেন সুশীলা-নিশিরা। আন্তর্জাতিক ডোপিং পরীক্ষা কমিটির ফল বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের কর্মকর্তাদের হাতে এসেছে সদ্যই। সেখান থেকেই নিশ্চিত হওয়া গেছে সুশীলা ডোপ টেস্ট উতরাতে পারেননি। তাঁর সোনার পদক কেড়ে নেওয়া হবে। ওই ইভেন্টে রুপাজয়ী শ্রীলঙ্কার ইশানি কালুথানত্রি পাবেন সোনা। নেপালের তারা দেবী পাচ্ছেন রুপার পদক। আর চতুর্থ হওয়া নিশি পাচ্ছেন ব্রোঞ্জ।
এই ভারোত্তোলনেই সেবারের এসএ গেমসে প্রথম সোনার পদক এনে দিয়ে গোটা বাংলাদেশকেই আনন্দে ভাসিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। এসএ গেমসের ওই আসরে বাংলাদেশ ভারোত্তোলন থেকে একটি সোনা, দুটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতেছিল। এখন সব মিলিয়ে ব্রোঞ্জ হবে চারটি। সব খেলা মিলিয়ে বাংলাদেশ জিতেছিল চারটি সোনা, ১৫টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জ।
হঠাৎ পাওয়া খুশির সংবাদে আনন্দে আত্মহারা নিশি, ‘অনেক ভালো লাগছে খবরটা শুনে। আমি আসলে বুঝতে পারছিলাম না যে এই পদক আমি পাব। কিন্তু ওই মুহূর্তে খুব কষ্ট পেয়েছিলাম পদক না পেয়ে। কারণ, আমি এই গেমসের আগে অনেক পরিশ্রম করেছিলাম। যখন শুনলাম সুশীলা ডোপিং ফেইল করেছে, তো ওটা এমনিতেই আমার কাছে চলে আসার কথা। এই পদক আমাকে সামনের আন্তর্জাতিক টুর্নামেন্টে আরও ভালো করার উৎসাহ জোগাবে।’