ভারতীয়দের বিদায় করে পাকিস্তানিদের আনছে মোহামেডান
প্রিমিয়ার হকি লিগকে সামনে রেখে ক্লাব কাপ হকিতেই তিনজন ভারতীয় খেলোয়াড় এনেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁরা হলেন গোলরক্ষক অতুল দেব, ডিফেন্ডার আমানদীপ সিং ও ফরোয়ার্ড অঙ্কুশ। ক্লাব কাপে কেবল আবাহনী লিমিটেড ও পুলিশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলেছিলেন তাঁরা। পারফরম্যান্স মনঃপূত না হওয়ায় তাঁদের ছেড়ে দিয়েছে মোহামেডান। লিগে তাঁদের নিবন্ধন করা হয়নি।
ভারতীয়দের বাদ দিয়ে লিগে মোহামেডান নিচ্ছে পাকিস্তানি খেলোয়াড়দের। পাকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার তাসওয়ার আব্বাস ও গোলরক্ষক আমজাদ আলী আগামীকালই দলের সঙ্গে যোগ দেবেন। লিগে কাল আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মোহামেডান। এই ম্যাচেই তাঁদের দেখা যেতে পারে। মোহামেডান ক্লাব ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ‘পরবর্তী ম্যাচেই যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের তারকা তাসওয়ার আব্বাস ও আমজাদ আলী।’ লিগে সাতজন বিদেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করতে পারবে দলগুলো। তবে মাঠে নামাতে পারবে চারজনকে।
২০১৮ সাল থেকে পাকিস্তান জাতীয় দলে খেলছেন মিডফিল্ডার তাসওয়ার আব্বাস। একটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা আছে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের। ২৮ বছর বয়সী গোলরক্ষক আমজাদ আলী বিশ্বকাপ না খেললেও খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফি। তাঁরা আসার পর মোহামেডানের মাঠের পারফরম্যান্স উজ্জ্বল হয় কি না দেখা যাক। ক্লাব কাপ হকিতে সেমিফাইনাল ম্যাচে ওয়াকওভার দিয়েছে তারা। এর আগে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে। লিগে অবশ্য নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে।