ভারতে প্রো–কাবাডির স্বপ্ন শেষ মাসুদের
প্রো–কাবাডির সর্বশেষ সংস্করণে ইউপি যোদ্ধার হয়ে খেলেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক মাসুদ করিম। আগামী ২২ ডিসেম্বর ভারতে শুরু হতে যাওয়া প্রো-কাবাডি লিগেও খেলার কথা বাংলাদেশ পুলিশের এ রেইডারের।
কিন্তু চোটের কারণে এবারের প্রো–কাবাডিতে খেলার স্বপ্ন ধূসর হয়ে গেল তাঁর। গতকাল রাতে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশিপ কাবাডির ফাইনালে মাসুদের বাঁ পায়ের গোড়ালি ভেঙে গেছে। আজ মাসুদের পায়ের অস্ত্রোপচার করা হবে।
কাল রাতেই মাসুদকে ভর্তি করা হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন, আগামী তিন মাস কাবাডি ম্যাটে নামতে পারবেন না তিনি।
হতাশ মাসুদ বলছিলেন, ‘গোড়ালি ভেঙে এখন আমার প্রো-কাবাডির স্বপ্ন শেষ হয়ে গেল। যদিও আজ সকালে ইউপি যোদ্ধার কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমাকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। দলের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে বলেছেন। আসলে এভাবে চোট পাব ভাবিনি। কিন্তু এটা খেলারই অংশ। দ্রুতই সুস্থ হয়ে কাবাডি ম্যাটে ফিরতে চাই।’
প্রো–কাবাডির নিলামে এবার ডাক পেয়েছিলেন বাংলাদেশের আট খেলোয়াড়—আরদুজ্জামান মুন্সি, তুহিন তরফদার, জাকির হোসেন, সবুজ মিয়া, মাসুদ করিম, জিয়াউর রহমান, মনিরুল ইসলাম ও মোহাম্মদ হাসান।
এর মধ্যে তুহিন তরফদার, জিয়াউর রহমান ও মাসুদ করিমকে কিনে নেয় প্রো–কাবাডির তিনটি দল। ডিফেন্ডার তুহিন তরফদারকে ১০ লাখ রুপি দিয়ে কিনে নেয় তামিল তালাইভাস। ১০ লাখ রুপি দিয়ে ইউপি যোদ্ধা কিনেছে মাসুদ করিমকে।
সর্বশেষ মৌসুমে এই একই দামে তাঁকে কিনেছিল ইউপি যোদ্ধা। এবার ডিফেন্ডার জিয়াউর রহমানকে ১২ লাখ ২০ হাজার রুপি দিয়ে কিনেছে বেঙ্গালুরু বুলস।