ভারোত্তোলনে সাবিরার পর মোস্তাইন

স্ন্যাচের শেষ লিফটে হাতটা বারবার মুছে নিচ্ছিলেন। যেন কোনো বিপদ না হয়, সেই আশঙ্কাতেই সতর্ক ছিলেন মোল্লা সাবিরা। কিন্তু শেষ ভারটা ওঠাতেই পারলেন না, বিচারকদের লাল পতাকা উঠল, ‘নো লিফট!’ আসলে এখানেই রুপাটা হাতছাড়া হয়ে গেল তাঁর।
বিজয় মঞ্চ থেকে নেমে তাই বারবার আফসোস করছিলেন, ‘ইস্। আরেকবার যদি সুযোগ পেতাম!’ কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে হাত ফসকানোর দরুন বারবার সুযোগ পাওয়া যায়? এবারের এসএ গেমসে মেয়েদের ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেই সান্ত্বনা পেতে হলো বাংলাদেশের মোল্লা সাবিরা সুলতানাকে। এবারের গেমসে ভারোত্তোলনই বাংলাদেশকে দিয়েছে প্রথম পদক। কাল গুয়াহাটির ভোগেশ্বরী ফুকনোনি ইনডোর স্টেডিয়ামে ৪৮ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন দেশের অন্যতম সেরা ভারোত্তোলক। এরপর ছেলেদের ৬২ কেজিতে আরেকটি ব্রোঞ্জ জেতেন মোস্তাইন বিল্লাহ।
এসএ গেমসে এবারই প্রথম জায়গা পেয়েছে মেয়েদের ভারোত্তোলন। প্রথমবার খেলতে নেমে ব্রোঞ্জ জিতে তাই ইতিহাসেরও অংশ হয়ে গেলেন সাবিরা। স্ন্যাচে তিনি দুই লিফটে তুলেছেন ৬০ ও ৬৬ কেজি। কিন্তু শেষবার ৬৬ কেজি ওঠাতে গিয়ে হাত ফসকে পড়ে যায় ভার। হতাশ সাবিরা কিছুক্ষণ চেয়ে থাকেন নিজের হাতের দিকে। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিন দফায় তুলেছেন ৬৫, ৭৭ ও ৮০ কেজি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৩ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন সাবিরা। আর এই ইভেন্টে ১৪৫ কেজি ওজন তুলে রুপা জিতেছেন শ্রীলঙ্কার দিনুশা হানসানি গোমাস। সোনাজয়ী ভারতের মীরাবাঈ চানু তুলেছেন ১৬৯ কেজি। সাবিরার কণ্ঠে রুপা হারানোর হতাশা, ‘বাংলাদেশে আমি যে ওজন তুলি সেটা তুলতে পারলেই রুপা জিততাম। কিন্তু শেষ লিফটের সময় একটু নার্ভাস হয়ে পড়ি।’
কাল খো খোতে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ১৯-৬ পয়েন্টে। তবে পুরুষ ভলিবল দল ০-৩ সেটে হেরেছে মালদ্বীপের কাছে। ব্যাডমিন্টনে আফগানিস্তানকে ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ। টিটিতে ভারতের কাছে হার ০-৩ সেটে। স্কোয়াশে বাংলাদেশের মোহাম্মদ সুমন কোয়ার্টার ফাইনালে হেরেছেন ভারতের সৌরভ ঘোষালের কাছে।