এবারের অলিম্পিকে নতুন যুক্ত হওয়া দুটি খেলা হচ্ছে স্কেটবোর্ডিং ও স্পোর্টস ক্লাইম্বিং। এত দিন পর্যন্ত স্বীকৃত খেলা হিসেবে এগুলো পরিচিত ছিল না। কিন্তু এবার এই দুই খেলা ঢুকে গেছে অলিম্পিকে।
স্পোর্টস ক্লাইম্বিং সাধারণত দেখা যেত টেলিভিশনের পর্দায়, দেয়াল বেয়ে ওপরে উঠে যাওয়ার পারদর্শিতা দেখানোর খেলা এটি। এত দিন তরুণ–তরুণীদের রোমাঞ্চ উপভোগের মাধ্যম ছিল এ খেলা। অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ায় এই স্পোর্টস ক্লাইম্বিংয়ে আগ্রহী হয়ে উঠতে পারেন অনেকেই।
স্কেটবোর্ডিং কিন্তু খুব অপরিচিত কিছু নয়। চাকা লাগানো একটি কাঠের তক্তার ওপর দাঁড়িয়ে অনেক তরুণ–তরুণীকেই ঘুরে বেড়াতে দেখা যায়। এটাও গতির রোমাঞ্চ উপভোগের একটা বিষয় হয়ে ছিল এত দিন। অলিম্পিকের ইভেন্ট হওয়াতে স্পোর্টস ক্লাইম্বিংয়ের মতো স্কেটবোর্ডিংও নিশ্চিত করেই আরও জনপ্রিয় হয়ে উঠবে।
স্পোর্টস ক্লাইম্বিং অনুষ্ঠিত হবে কয়েকটি বিভাগে। এটিতে ১৫ মিটার পর্যন্ত উঁচুতে ওঠার প্রতিযোগিতা হবে অংশগ্রহণকারীদের মধ্যে। শারীরিক শক্তি হচ্ছে এই খেলায় সাফল্য অর্জনের প্রধান একটি দিক। স্পোর্টস ক্লাইম্বিংয়ের প্রথম পদক জয়ের দুটি খেলা অনুষ্ঠিত হবে আগামী মাসের ৩ তারিখে।
টোকিও অলিম্পিকে স্কেটবোর্ডিংয়ের প্রতিযোগিতা দুটি ভাগে ভাগ হয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ে আছে নারী ও পুরুষের পথের প্রতিবন্ধকতা অতিক্রম করে স্কেটবোর্ড চালানোর লড়াই। এই বিভাগের প্রতিযোগিতা গতকাল শুরু হয়ে আজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে আগামী মাসের ৪ ও ৫ তারিখে। গতকাল ছিল পুরুষদের পথের প্রতিবন্ধকতা পার হওয়ার প্রতিযোগিতা, যেখানে সোনা জিতেছেন জাপানের ২২ বয়সী ছাত্র ইয়ুতো হোরিগোমে। এই বিভাগের প্রতিযোগিতায় প্রথম সোনার পদক বিজয়ী হিসেবে ইতিমধ্যেই তিনি ইতিহাসে নাম লিখিয়েছেন।
গতকাল দ্বিতীয় দিনে নারীদের সড়ক প্রতিবন্ধকতা বিভাগের প্রতিযোগিতায় আরও বেশি চমক অপেক্ষা করছিল। এতে সোনা জিতেছে জাপানের ১৩ বছর বয়সী বালিকা মোমিজি নিশিইয়া। মোমিজি জাপানের মাধ্যমিক স্কুলের ছাত্রী। ছোটবেলা থেকেই এ খেলা তাঁর আনন্দের অনুষঙ্গ। এবার দেশের জন্যই গৌরব বয়ে আনলেন তিনি। নারী বিভাগে অন্য দুই পদক বিজয়ীও হচ্ছেন সার্বিক অর্থে বালিকা। রুপার পদক পেয়েছেন মোমিজির সমবয়সী ব্রাজিলের প্রতিযোগী রাইসা লেয়াল এবং ব্রোঞ্জ পেয়েছেন জাপানের ১৬ বছর বয়সী বালিকা ফুনা নাকাইয়ামা।
এই তিন বালিকার সাফল্য টোকিও অলিম্পিককে ভিন্ন মাত্রা দেবে, এটি বলাই যায়।