ভুলোমনা বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত অখণ্ড অবসর, ‘দৌড়ানোর’ তাড়া নেই। উসাইন বোল্টের এখন শুধু উপভোগেরই সময়। এতেও অবশ্য কোনো কমতি রাখছেন না বিশ্বের দ্রুততম মানব। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর থেকে ইংল্যান্ডেই আছেন, সেখানে বন্ধু-স্বজনদের সঙ্গে সেলফিও তুলছেন অনেক। তবে পরশু একটা ‘অঘটনই’ বাঁধিয়ে বসলেন বোল্ট। গিয়েছিলেন লন্ডনের মেফেয়ারের একটা পানশালায়। সঙ্গীদের সঙ্গে আকণ্ঠ পান করে ১০ হাজার পাউন্ড বিলও তুলেছেন! কিন্তু পানাধিক্যে বোধ হয় একটু বেসামাল হয়ে পড়েছিলেন। পানশালা থেকে বিল না দিয়েই চলে গেছেন। সেখানকার লোকেরাও নিশ্চয় বোল্টকে চিনতে পেরে চুপ করে ছিলেন। পরের দিন অবশ্য ঘোর কেটে যাওয়ার পরেই খেয়াল হলো, ‘আরে, বিল তো দেওয়া হয়নি’। সঙ্গে সঙ্গে ছুটে গেছেন ওই পানশালায়। ক্ষমা চেয়ে বিলটাও চুকিয়ে দিয়েছেন। মেইল অনলাইন।