মনোবিদ-শরণে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোবিদ আলী খানের পরামর্শে চোখ বুজে যেন ‘অন্য জগতে’ হারিয়ে গেলেন গলফার সিদ্দিকুর রহমান। কাল কুর্মিটোলা গলফ কোর্সে l প্রথম আলো
মনোবিদ আলী খানের পরামর্শে চোখ বুজে যেন ‘অন্য জগতে’ হারিয়ে গেলেন গলফার সিদ্দিকুর রহমান। কাল কুর্মিটোলা গলফ কোর্সে l প্রথম আলো

কুর্মিটোলার গলফ কোর্সে ধ্যানমগ্ন সিদ্দিকুর রহমান। টি-অফ করার আগে খানিকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইলেন। বুকভরে একটা শ্বাস ছাড়লেন। পাশে দাঁড়ানো মনোবিদ আলী খান কিছু একটা বলতেই টি-অফ করলেন। পরের শটেই বার্ডি! হাততালি দিয়ে উঠলেন ক্যাডি, বলবয়সহ জনা দশেক দর্শক।
তীরে গিয়ে তরি ডোবানোর অভ্যাসটা বেশ পুরোনো সিদ্দিকুরের। স্নায়ুচাপে ভেঙে পড়া সিদ্দিকুরের এই রোগ সারাতে কাল সকালে কানাডা থেকে এসেছেন মনোবিদ আলী খান। মনোবিদের সঙ্গে কাল বিকেলে ঘণ্টা খানেক কুর্মিটোলা কোর্সে কাজ করেছেন সিদ্দিকুর। আজ ভোর ছয়টায় রিওর উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা দেশসেরা গলফারের। যাওয়ার আগে মনোবিদের শরণাপন্ন সিদ্দিকুরকে লাগছিল নির্ভার। রিও অলিম্পিকে গিয়ে সিদ্দিকুর এখন নির্ভার খেলতে পারলেই ভালো!
থাইল্যান্ডে কিংস কাপে খেলে কাল দুপুরে দেশে ফিরেছেন সিদ্দিকুর। বিমানবন্দর থেকে বাড়িতে ফিরে এতটুকু বিশ্রামের সুযোগ পাননি। ব্যাগ-পত্তর রেখে সোজা কুর্মিটোলা গলফ কোর্সে চলে আসেন। সেখানে অপেক্ষায় ছিলেন আলী খান। কানাডাপ্রবাসী এই মনোবিদের সঙ্গে অলিম্পিকে যাওয়ার আগে সমস্যাগুলো নিয়ে হাতে-কলমে কাজ করলেন।
কিংস কাপে কাট মিস করায় আগেই ফিরে আসতে হয়েছে সিদ্দিকুরকে। কাল কুর্মিটোলা কোর্সে মনোবিদকে পেয়ে মজা করে বলছিলেন, ‘ভাগ্যিস কাট মিস করেছিলাম!’ কিংস কাপে বাজে পারফরম্যান্স তাহলে শাপেবর হয়েছে! কানাডাপ্রবাসী মনোবিদের পরামর্শ নিচ্ছেন গত ফেব্রুয়ারি থেকে, তবে সরাসরি কোর্সে দাঁড়িয়ে সমস্যাগুলোর খুঁটিনাটি কখনোই তুলে ধরতে পারেননি। আলী খান বাংলাদেশে আসায় সেই সুযোগটা এবার পেয়েছেন সিদ্দিকুর, ‘গত ফেব্রুয়ারি থেকে তাঁর সঙ্গে কাজ করছি। কখনো ফোনে, কখনো বিদেশে কোথাও বসে। কিন্তু আজ সরাসরি কোর্সে পেয়ে ভালো লাগছে। আমি সত্যি ভাগ্যবান। আমিও কাট মিস করলাম, উনিও এলেন। কীভাবে যেন সব মিলে গেল!’
আলী খান সিদ্দিকুরের সমস্যাগুলো, টি-অফের আগের মনস্তাত্ত্বিক অবস্থা গভীর মনোযোগের সঙ্গে শুনলেন। এরপর সিদ্দিকুরকে বললেন, ‘আপনার ক্যারিয়ারের সেরা শটের কথা একবার চোখ বন্ধ করে ভাবুন। তারপর শট নেন।’ মাত্র এক ঘণ্টা মনোবিদের সঙ্গে কাজ করেই যেন হাতেনাতে ফল পেলেন সিদ্দিকুর। নিজের পারফরম্যান্সের উন্নতির কথা বললেন অনুশীলন শেষে, ‘এর আগে ফ্লোরিডায় গিয়ে তাঁর সঙ্গে ৯ ঘণ্টার একটা সেশন করেছিলাম। তবে এখানে অল্প সময় কাজ করেই খেলায় বড় পরিবর্তন দেখতে পেয়েছি। আমি যা যা করি উনি সেটাকে শুধু একটু বদলে দিচ্ছেন। আমাকে উনি এমন কিছু বলছেন, এতেই শতভাগ নজর চলে যাচ্ছে খেলায়।’
নিজের সমস্যাগুলো শোধরাতে এর আগে ভারতীয় সুইং কোচ ও মনোবিদের কাছে গিয়েছিলেন। কিন্তু ছয় মাস কাজ করার পরও তেমন আশাব্যঞ্জক উন্নতি ছিল না। এরপরই ফেডারেশনের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আখতার (অব.) সিদ্দিকুরকে এই মনোবিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আলী খান এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছেন।
বাংলাদেশি মনোবিদ পেয়ে ভালোই সুবিধা হয়েছে বলে জানালেন সিদ্দিকুর, ‘আলী ভাইয়ের ব্যাপারে বড় সুবিধা হচ্ছে উনি বাংলাদেশি। তাঁকে বাংলায় বারবার প্রশ্নগুলো করতে পারছি। বিদেশিদের কথাগুলো ততটা আত্মস্থ করতে পারতাম না। অনেক সময় সব বুঝতামও না। এখন কোনো কিছু না বুঝলে উনি বাংলাতে বারবার বুঝিয়ে দিচ্ছেন। এটা অনেক বড় সুবিধা।’
আলী খানও দারুণ আশাবাদী সিদ্দিকুরকে নিয়ে, ‘আমি জোর গলায় বলতে পারব না যে পদক জিতবেন। তবে আমার মনে হয় এটা বলার সময় এসেছে যে, তিনি তাঁর জীবনের অন্যতম সেরা ম্যাচ খেলবেন অলিম্পিকে। এটাই আমাদের চাওয়া এবং লক্ষ্য।’