মলি হাডলের হরিষে বিষাদ

আর মাত্র মিটার খানেক। এটুকু দূরত্ব পেরোলেই গলায় উঠবে ব্রোঞ্জপদক। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়—অর্জনটা সারা জীবন মনে রাখার মতো। তাই একটু বেশিই আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন মলি হাডল। পরশু বেইজিংয়ে মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ের শেষ রেখা পেরোনোর আগেই তাই উল্লাসে মেতেছিলেন মার্কিন অ্যাথলেট। আঙুলে বিজয় চিহ্ন এঁকে দেখিয়ে দিলেন দর্শকদের। সেটাই হয়তো কাল হলো। হাডলের আমেরিকান সতীর্থ এমিলি ইনফেল্ড প্রথম ৯৯৯৯ মিটারে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে পেরিয়ে গেলেন তাঁকে। এতই সূক্ষ্ম ব্যবধানে যে সাহায্য নিতে হয়েছে ফটোফিনিশের। হাডলের হাসিমুখে মুহূর্তেই রাজ্যের আঁধার, একটু পর ভেঙে পড়লেন কান্নাতেই। পদক জিতে শুরুতে উল্লাসে মাতলেও পরে হাডলের জন্য খারাপ লেগেছে ইনফেল্ডেরও, ‘আমি শুধু লাইনটা পেরোতে চেয়েছি, কোনো সতীর্থের পদক কাড়তে চাইনি। আমার এখন একটু খারাপই লাগছে।’ বিবিসি, হাফিংটন পোস্ট।