প্রায় তিন বছর পর ক্লাবগুলোকে নিয়ে মাঠে গড়িয়েছে ক্লাব কাপ হকি। আজ টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। প্রথম ম্যাচে সোনালী ব্যাংককে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেড। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল মেরিনার ইয়াংস ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু মাঠেই আসেনি মোহামেডান।
ওয়ার্মআপ করে মাঠে নেমে খেলার প্রস্তুতি নিয়েছিল মেরিনার্স। নিয়ম অনুযায়ী এ ম্যাচে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে তাদের।
মোহামেডান কেন মাঠে যায়নি? এ ব্যাপারে জানতে ক্লাবের ম্যানেজার আরিফুল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ক্লাবের হকি কমিটির সমন্বয়কারী সারোয়ার হোসেন বলেন, ‘জিমিকে (রাসেল মাহমুদ) যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা ঠিক হয়নি। আমরা চিঠি দিয়ে শাস্তি স্থগিত করতে বলেছিলাম। কিন্তু সেটা করা হয়নি বলে আমরা মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ক্লাব কাপের গ্রুপ পর্বে পুলিশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মারামারি করায় এক ম্যাচ নিষিদ্ধ করা হয় রাসেল মাহমুদকে। ১২ অক্টোবর হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এক ম্যাচ নিষিদ্ধের সঙ্গে রাসেলকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়। পুলিশের বিপক্ষে ম্যাচ চলাকালে রাসেল শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন আম্পায়ার ইমতিয়াজ সানিকে। এ ছাড়া ধাক্কাও দেন পুলিশ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কাঞ্চন মিয়াকে। এ ছাড়া গলা চেপে ধরেছিলেন ডিফেন্ডার শাওন তিগ্যার।