মানবতার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক আসলেই মহাযজ্ঞ। প্রায় ১৮ হাজারেরও বেশি অ্যাথলেট, কোচ, কর্মকর্তা ভিড়েছেন রিও অলিম্পিকে। তাঁদের উদরপূর্তির জন্য প্রতিদিন ৭৫০ টন খাবারের জোগান দিতে হচ্ছে আয়োজকদের। সেটিও সমস্যা ছিল না, সমস্যা হলো এই বিপুল পরিমাণ খাবারের অনেকটাই অপচয় হয় প্রতিদিন। ব্রাজিলের মতো দেশে এটি নিয়ে আপত্তি উঠতেই পারে। সমস্যার সমাধান দিয়েছেন ইতালির বিখ্যাত শেফ মাসিমো বোত্তুরা। গত বৃহস্পতিবার বোত্তুরার নেতৃত্বে বিশ্বের স্বনামধন্য বেশ কয়েকজন শেফ অলিম্পিকের উচ্ছিষ্ট থেকেই প্রস্তুত করেছেন নতুন খাবার। সেই খাবার বিতরণ করেছেন গৃহহীন মানুষের মাঝে। বোত্তুরার আশা, এ থেকে মানুষ শিখবে, কীভাবে খাবার অপচয় না করে আশাহীন মানুষকে আশা দেওয়া যায়। তাই অলিম্পিক শেষ হওয়ার পরও এ কাজ চালিয়ে যেতে চান তাঁরা। পরিকল্পনাও করে রেখেছেন দিনের বেলায় সাধারণ খদ্দেরের কাছ থেকে পাওয়া অর্থ দিয়েই চলবে প্রতি রাতে ১০৮ জন গৃহহীনের খাদ্যের ব্যবস্থা। টুডে ডটকম।