মানসিক চাপ থেকে মুক্তি পেলেন বাংলাদেশের দ্রুততম মানব
গত অক্টোবরে দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আগামী এক বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতায় ইসমাইলের অংশ নেওয়ার ব্যাপারে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। কিন্তু ঘটনার পরপরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির বরাবর আবেদন করেন ইসমাইল। অবশেষে সেই নিষেধাজ্ঞা গতকাল প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
সর্বশেষ টোকিও অলিম্পিকের জন্য অ্যাথলেটিকসে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে তিনজনকে বাছাই করা হয়েছিল। দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তারের সঙ্গে ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান ছিলেন তালিকায়। শেষ পর্যন্তু ফেডারেশন জহিরকেই চূড়ান্তভাবে মনোনীত করে। কিন্তু এই বাছাইপ্রক্রিয়া নিয়ে ওই সময় প্রশ্ন তোলেন ইসমাইল। আর এ কারণেই ইসমাইলের ওপর নেমে আসে ওই শাস্তির খড়্গ।
তবে ফেডারেশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো চ্যালেঞ্জ করবেন না, এমন শর্তেই ফেডারেশন সভাপতি বরাবর লিখিত ক্ষমা চেয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেন ইসমাইল। এরপর বিশেষ বিবেচনায় সভাপতি আলী কবির ক্ষমা করে দেন নৌবাহিনীর এই অ্যাথলেটকে। তবে ভবিষ্যতে যেন এমন কাজ থেকে বিরত থাকেন ইসমাইল, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে তাঁকে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব আজ বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম আলোকে, ‘ সে তার কার্যকলাপের জন্য ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে সভাপতির কাছে। তার ক্যারিয়ারের কথা ভেবে এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ভবিষ্যতে সে এমন কাজ আর করবে না সেটাও জানিয়েছে আমাদের।’
নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিশাল এক মানসিক চাপ থেকে মুক্তি পেয়েছেন ইসমাইল। অ্যাথলেটিকস ফেডারেশন আজ তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইসমাইল বলেন, ‘নিষেধাজ্ঞা তোলা হবে কি না, তা নিয়ে আমি খুব মানসিক চাপের মধ্যে ছিলাম। অবশেষে আমার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আমি খুব খুশি। এখন আমি জাতীয় অ্যাথলেটিকসে খেলার জন্য পুরো মনোযোগ দিচ্ছি।’
আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এর মানে এ প্রতিযোগিতায় অংশ নিতে আর কোনো বাধা রইল না ইসমাইলের। গত এপ্রিলে হওয়া সর্বশেষ বাংলাদেশ গেমসে দ্রুততম মানব হন নৌবাহিনীর ইসমাইল। টানা চারবার দ্রুততম মানব হওয়ার পর ইরানের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন তিনি। কিন্তু টোকিও অলিম্পিকে যেতে না পেরে অ্যাথলেটিকস ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইসমাইল ওই সময় বলেছিলেন, ‘যথাযথ প্রক্রিয়া মেনে অলিম্পিকের বাছাই হয়নি। আমার প্রতি অবিচার করা হয়েছে।’