মারের অলিম্পিক-কীর্তি

প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে রিও অলিম্পিকে ব্রিটেনের পতাকা বহন করেছেন অ্যান্ডি মারে। এবার কোর্টের সাফল্যে দেশের সীমানা ছাড়িয়ে একটা জায়গায় বিশ্বেরই প্রথম হয়ে গেলেন ২৯ বছর বয়সী ব্রিটিশ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে জিতলেন অলিম্পিক টেনিসের পুরুষ এককের টানা দুটি শিরোপা। পরশুর স্মরণীয় এক ফাইনালে তিনি ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে।
মারের কীর্তির পাশাপাশি ফাইনালের নাটকীয়তার জন্যও অলিম্পিকের ইতিহাসে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। চার ঘণ্টারও বেশি স্থায়ী ম্যাচটির সমাপ্তিতে মারে ও দেল পোত্রো দুজনই দুজনকে জড়িয়ে ধরেছিলেন আবেগ আর পারস্পরিক সম্মানবোধে। শুধু তো টেনিসে দক্ষতা নয়, ম্যাচটা শারীরিক ও মানসিক ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিয়েছে। মারেই বললেন, ‘অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে ম্যাচটি। দুজনেরই জয়ের অনেক সুযোগ ছিল। অনেক লম্বা, ক্লান্তিকর একটা ম্যাচ। আমি খুশি যে শেষ পর্যন্ত এ থেকে জিতে বেরোতে পেরেছি।’
পুরো ম্যাচে মারে এইস মেরেছেন ১০টি, উইনার ৪৬টি। উইনারের হিসাবে অবশ্য দেল পোত্রোও খুব পিছিয়ে ছিলেন না, আর্জেন্টাইন তারকার উইনার ৩৯টি। কিন্তু নিজের পথটাকে নিজেই বন্ধুর করেছেন ৫৭টি আনফোর্সড এরর করে।
ম্যাচ শেষে আনন্দে কেঁদেই ফেলেন মারে। ব্রিটিশ তারকা কোর্টে অবশ্য আগেও কেঁদেছেন। গত মাসেই কেঁদেছিলেন উইম্বলডন জয়ের পর। পরশু অলিম্পিক-কীর্তি গড়ার পর বললেন, ‘অলিম্পিক টেনিসে টানা দুবার কেউ সোনা জিততে পারেনি। এতেই বোঝা যায় কাজটা কতটা কঠিন। প্রথম খেলোয়াড় হিসেবে এটা করতে পেরে তাই আমি খুব গর্বিত।’ এএফপি, রয়টার্স।