মার্তাদের শুভসূচনা
৬০ হাজার দর্শকের স্টেডিয়াম, তার প্রায় অর্ধেকই খালি। দেখে কে বলবে, মাঠের অলিম্পিক শুরু হয়ে গেছে! আনুষ্ঠানিক উদ্বোধন আজ, তার আগে নীরবেই পরশু শুরু হলো মেয়েদের ফুটবল। তবে ফাঁকা গ্যালারির উত্তেজনার অভাব পুষিয়ে দিয়েছেন ব্রাজিলের মেয়েরা। চীনকে মার্তারা হারিয়েছেন ৩-০ গোলে।
ছেলেদের দলে নেইমার যেমন, ব্রাজিলের মেয়েদের দলে সেটি মার্তা। একসময়ের টানা পাঁচবারের বর্ষসেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অবশ্য পরশু গোল পাননি। তবে সেটি ব্রাজিলকে একটুও ভোগায়নি। প্রথমার্ধের ১০ মিনিট আগে ডিফেন্ডার মনিকার গোলে এগিয়ে যায় সেলেসাও মেয়েরা, ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনদ্রেসা আলভেস। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে তৃতীয় গোলটি করেন দুর্দান্ত খেলতে থাকা ক্রিস্টিন। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়েছে সুইডেন।
গ্রুপ ‘জি’তে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও চারবারের অলিম্পিক সোনাজয়ী যুক্তরাষ্ট্রের মেয়েরা। জিম্বাবুয়েকে ৬-১ গোলে উড়িয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠেছে জার্মানি। রয়টার্স।