মালয়েশিয়া আসছে না বাংলাদেশে

মালয়েশিয়া হকি দলছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী স্টেডিয়াম এখন এশীয় হকির অঘোষিত রাজধানী। এশিয়ার শীর্ষ পাঁচ হকি দেশ একই স্টেডিয়ামে আগে-পরে অনুশীলন করছে। স্টেডিয়াম ফটকে উৎসুক জনতার ভিড়। দেশের হকিতে যেন নতুন প্রাণের ছোঁয়া লেগেছে। এশিয়ার শীর্ষ হকি টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফির আগমনী বার্তায় সরগরম ঢাকার হকিপাড়া।

ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপান দল এসে গেছে। আজ আসার কথা ছিল মালয়েশিয়ার। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা তাদের। কিন্তু টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা।

ফয়জাল সারির মতো খেলোয়াড়দের দেখা যাবে না টুর্নামেন্টে
ছবি: মালয়েশিয়া হকি

মালয়েশিয়া দলের এক খেলোয়াড়ের করোনা ধরা পড়ায় বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হয়েছে পুরো দলকে। কোয়ারেন্টিন পর্ব পেরিয়ে বাংলাদেশে এসে পৌঁছাতে টুর্নামেন্ট প্রায় অর্ধেক পার হয়ে যাবে। এ কারণে টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছে দলটি। এতে টুর্নামেন্টের সূচিতেও কিছু পরিবর্তন আসছে। বাংলাদেশের প্রথম খেলা এখন ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে। তবে পূর্বসূচি অনুযায়ী ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় দক্ষিণ কোরিয়া–ভারত ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

টুর্নামেন্টে মূল আকর্ষণ ভারত–পাকিস্তান লড়াই হবে ১৭ ডিসেম্বর। ২০১৮ সালে মাসকাটে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল প্রবল বৃষ্টিতে পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন হয় ভারত ও পাকিস্তান। তা–সহ আগের পাঁচটি চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলই চ্যাম্পিয়ন হয়েছে তিনবার করে। এবার একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পালা। ঢাকায় এসে দুই দলই জানিয়েছে, শিরোপা ধরে রাখার লক্ষ্যের কথা।

পাকিস্তানের জন্য কাজটা কঠিন। এবার টোকিও অলিম্পিক গেমসে তারা সুযোগই পায়নি। অন্যদিকে ভারত ৪১ বছর পর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। ভারতকেই তাই টুর্নামেন্টে ফেবারিট মানছে সবাই।

টুর্নামেন্টের নতুন সূচি
ছবি: টুইটার

কাল বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামের অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের স্টিকের নিখুঁত কাজ ও ফিটনেস দেখে মনে হলো, সেরা ছন্দেই আছেন তাঁরা। অলিম্পিক গেমস দলের ৮–৯ জন খেলোয়াড় আছেন, বাকিরা নতুন। টোকিওতে নেতৃত্ব দেওয়া মনপ্রীত সিং ঢাকায়ও অধিনায়ক।

সহ-অধিনায়ক হরমনপ্রীত সিং কাল অনুশীলন শেষে কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে, ‘অলিম্পিক গেমসের পর এটিই আমাদের প্রথম দেশের বাইরে খেলা। আমরা বেঙ্গালুরুতে অনুশীলন করেছি। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ারই আশা থাকবে এখানে।’

টুর্নামেন্টে ভারতই ফেবারিট
ছবি: প্রথম আলো

পাকিস্তান কোভিডকালে এই প্রথম দেশের বাইরে খেলছে। মাত্রই নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টোকিও অলিম্পিকে জাপানের দায়িত্বে থাকা সিগফ্রিড আইকমান। হল্যান্ডের হলেও ৬২ বছর বয়সী ভদ্রলোক দেখতে পাকিস্তানিদের মতোই। দলের সঙ্গে অনুশীলন শেষে হেসে বললেন, ‘আমিই পাকিস্তানের সেই ডাচ কোচ...।’

এই টুর্নামেন্টে অবশ্য পাকিস্তান দলে আইকমানের ভূমিকাটা হবে পর্যবেক্ষকের। দলের প্রস্তুতি নিয়ে বললেন, ‘মাত্র পাঁচ দিন হলো আমি পাকিস্তান দলের কোচ হয়েছি। আমাদের দল কিছুটা তারুণ্যনির্ভর। তবে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও আছে।’ ঢাকায় ভারত–পাকিস্তান মহারণ দেখতে উদ্‌গ্রীব সবাই। বাস্তবতার মাটিতেই পা রাখলেন আইকমান, ‘দেখুন, ভারত এখন বিশ্বের তৃতীয় দল। আমরা ১৮তম। কাজেই বাস্তবতা মানতে হবে। আমরা অনেক দিন পর খেলছি। তারপরও আমরা ঢাকায় ফাইনাল খেলতে চাই।’