মাহফিজুর-সোনিয়াদের নৌবাহিনীই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনীর দাপটের সাক্ষী হয়ে রইল আরএমএম গ্রুপ ২৭তম জাতীয় সাঁতার। গোপালগঞ্জে জাতীয় সাঁতারের শেষ দিনে কাল ১০টি ইভেন্টের ৬টিতেই সোনা জিতেছেন নৌবাহিনীর সাঁতারুরা। এদিনও দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর নাঈমা আক্তার। মেয়েদের ১০০ মিটার মিডলে রিলেতে রেকর্ড গড়েছেন নৌবাহিনীর নাজমা, সোনিয়া, মাহফুজা ও লিমা।
হ্যান্ডটাইমিংয়ের কারণে এবার দেদার রেকর্ড হয়েছে। ৩৮ ইভেন্টের মধ্যে ১৫টিতেই নতুন রেকর্ড গড়েছেন সাঁতারুরা। এমন সাফল্যেও ফেডারেশনের শুধু মেডেল আর সার্টিফিকেটই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাঁতারুদের। তবে প্রতিটি রেকর্ডের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কাল। আর ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সাফের চেয়ে ভালো টাইমিং করায় মাহফুজা খাতুনকে দেওয়া হবে আরও ২০ হাজার টাকা।
২৬টি সোনা, ১৩টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী। রানার্সআপ সেনাবাহিনী জিতেছে ১৪টি সোনা, ২৪টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ। পুরুষ বিভাগের সেরা সাঁতারু হয়েছেন ৪টি রেকর্ডসহ ৮ সোনাজয়ী নৌবাহিনীর মাহফিজুর রহমান। মেয়েদের বিভাগে ৭ সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতে সেরা হয়েছেন নৌবাহিনীরই সোনিয়া আক্তার। সোনিয়া নতুন রেকর্ড গড়েছেন ৬টি ইভেন্টে। নৌবাহিনীকে ৪-১ গোলে হারিয়ে ওয়াটার পোলোতে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী।