মায়ের আদরবঞ্চিত বাইলসের জীবনের গল্পটা করুণ

সিমোন বাইলসের ছোটবেলাটাও করুণছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন সিমোন বাইলস। যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা এই নারী ক্রীড়াবিদ বড় স্বপ্ন নিয়ে এসেছিলেন টোকিওতে। যুক্তরাষ্ট্রের অলিম্পিক–গৌরবও বেশ নির্ভরশীল ছিল তাঁর ওপর। ‘মানসিক অবসাদে পর্যুদস্ত’ বাইলসের সরে দাঁড়ানোটা তাই যুক্তরাষ্ট্রের জন্য বিরাট এক ধাক্কা। এ নারী জিমন্যাস্টসের না থাকায় করোনাকালে এরই মধ্যে অনেক রং হারানো অলিম্পিক হয়ে পড়ল আরও ধূসর।

গত পরশু নিজের ইনস্টাগ্রামে বাইলস মানসিক চাপের ইঙ্গিত দিয়েছিলেন। লিখেছিলেন, তিনি অনুভব করছেন, গোটা দুনিয়াটাই যেন তাঁর কাঁধের ওপর সওয়ার। এমন অবস্থায় চোটের ঝুঁকি তো আছেই, দলগত ইভেন্টে ব্যর্থ হওয়ার ঝুঁকিও থাকে। এর চেয়ে খেলা বন্ধ করে দেওয়াই ভালো।

বড্ড মানসিক চাপ অনুভব করছিলেন বাইলস।
ছবি: এএফপি

কাল তিনি দলগত ইভেন্টে নেমে খুব ভালো করতে পারছিলেন না। লড়েছেন ঠিকই, কিন্তু নিজের মধ্যে ছিলেন না যেন। দিনের প্রথম রাউন্ডে ভল্টে অংশ নিচ্ছিলেন। সেখানে শূন্যে ভেসেই মনে হলো কিছু একটা ঠিক নেই। একটু পর দুঃসংবাদ আসে নিজেকে দলগত ইভেন্টের ফাইনাল থেকে সরিয়ে নিয়েছেন বাইলস।

কাল সংবাদমাধ্যমকে নিজের এই সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেন বাইলস, ‘অনেক কিছুর সঙ্গে লড়ে এখানে এসেছি। আমি আমার গর্বকে এক পাশে সরিয়ে রেখেছি। দলের জন্যই খেলতে হচ্ছিল। এরপর ভাবলাম নিজের জন্য কোনটা ঠিক। মানসিক স্বাস্থ্যের দিকেই মনোযোগী হলাম। আমার মনে হয়, নিজের মানসিক স্বাস্থ্য আর ভালো–মন্দের দিকে মনোযোগ দেওয়াটাই সঠিক।’ তিনি আরও বলেন, ‘আমার পারফরম্যান্স দেখে মনে হয়, আমি চাপমুক্ত। কিন্তু ব্যাপারটা তা নয়। অলিম্পিক মোটেও মজার কিছু নয়।’

বাইলকে জিমন্যাস্টিকসের ইতিহাসেরই অন্যতম সেরা নারী তারকা মনে করেন অনেকে।
ছবি: এএফপি

বাইলসের ছোটবেলা মোটেও ভালো কাটেনি। মায়ের আদর থেকে বঞ্চিত হন। ২০০৩ সালে তাঁকে দত্তক নিয়েছিলেন তাঁর দাদা–দাদি। মা ছিলেন মাদকসেবী। অস্থির একটা সময় দেখেছিলেন বাইলস নিজের ছোটবেলায়। সেই সময়টা কি তাড়া করে বাইলসকে? একবার বলেছিলেন, ‘আমি ছোটবেলায় মায়ের আদর পাইনি। স্কুলে পড়ার সময় নানা বাজে মন্তব্যের শিকার হতে হয়েছে। সে সময়গুলো আমি মনে করতে চাই না।’

অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপ মিলিয়ে ৩০টি পদকজয়ী বাইলস মানসিক রোগের চিকিৎসাও চালিয়েছেন অনেক বছর। এমনিতে ছোটবেলায় নানা সমস্যার মধ্য দিয়ে গেছেন। তার ওপর যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিক দলের কোচের মাধ্যমেও হয়রানির শিকার হয়েছিলেন তিনি। করোনার অতিমারিও তাঁর মানসিক স্বাস্থ্যের বড় অবনতি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়ে করোনা কালো থাবা বসিয়েছিল। মারা গেছেন বহু মানুষ। অনেক দিন ধরে লকডাউন চলেছে দেশটিতে। এসবই প্রভাব তৈরি করেছে তাঁর ওপর।

বাইলস ছোটবেলায় মায়ের আদর পাননি। ওটা ছিল তাঁর জন্য কান্নাভেজা এক সময়।
ছবি: এএফপি

বাইলসকে অনেকেই সর্বকালের সেরা নারী জিমন্যাস্টসদের একজন হিসেবে মনে করেন। টোকিও অলিম্পিকে বাইলসের ছয়টি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল। তাঁর সরে যাওয়া যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক দলের জন্য বড় দুঃসংবাদই। ২০১৬ সালে রিও অলিম্পিকের দলগত ইভেন্টে যুক্তরাষ্ট্রের সোনা জেতার পথে বড় অবদান ছিল তাঁর। সেবার মেয়েদের জিমন্যাস্টিকের দলগত ও ব্যক্তিগত মিলিয়ে চারটি ইভেন্টে সোনা জিতেছিলেন বাইলস। ব্যালান্স বিমেই সেবার কেবল সোনা হাতছাড়া হয়েছিল তাঁর।