>

রিও ডি জেনিরো অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি সাত খেলোয়াড়। ৫ আগস্ট শুরু বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে অংশগ্রহণকারী বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে এই ধারাবাহিক প্রতিবেদন। দ্রুততম মানব মেজবাহ আহমেদকে নিয়ে আজকের পর্ব—
চায়না বেগম কখনো বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড়াননি। আশির দশকে বাগেরহাটের স্কুলমাঠে দৌড়ে যতই পদক জিতেছেন, ততই শুনেছেন পাড়ার লোকদের নিন্দা, ‘এই মেয়ের বিয়ে হবে না। সারা দিন শুধু দৌড়ে বেড়ায়।’ স্কুলের গণ্ডি পেরিয়ে তাই কলেজেও যাওয়া হয়নি। খেলাধুলা বন্ধ। অল্প বয়সেই বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। চায়না বেগমের দীর্ঘশ্বাস কেউ দেখেনি, আড়ালে-আবডালে শুধু চোখ মুছেছেন। তবে তাঁর অধরা স্বপ্ন পূরণ হয়েছে বড় ছেলে মেজবাহ আহমেদকে দিয়ে।
টানা চারবার দেশের দ্রুততম মানব মেজবাহ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড়াতে পারেননি বলে যে আক্ষেপে পুড়েছেন মা, সেই ট্র্যাকেই ছেলের রাজত্ব। শুধু তা-ই নয়, মেজবাহ দৌড়েছেন চীনের বার্ডস নেস্টে, রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে। এবার গন্তব্য রিও ডি জেনিরো। ওয়াইল্ড কার্ড পেয়ে অলিম্পিকে খেলতে যাচ্ছেন মেজবাহ। মায়ের মুখে এখন তৃপ্তির হাসি, চোখ মোছেন আনন্দে।
এবারের অলিম্পিক দলের বাকি পাঁচ খেলোয়াড় যখন রিওর টিকিট হাতে নিয়ে নিশ্চিন্তে বসে, তখনো অনিশ্চিত ছিল অ্যাথলেটিকস দলের ব্রাজিল যাওয়া। ফেডারেশন কর্তাদের চোখে ঘুম ছিল না। ওই কদিন ঘুমুতে পারেননি মেজবাহও, ‘কী যে দুশ্চিন্তায় কেটেছে কটা দিন। পত্রিকার খবর পড়ে ধরেই নিয়েছিলাম, যাওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত যখন সুসংবাদটা শুনলাম, নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না।’

২০০৮ সালে মেজবাহ পড়তেন অষ্টম শ্রেণিতে। বিকেএসপির ছাত্র মেজবাহ প্রতিদিন অনুশীলন করতেন কোচ আবদুল্লাহ হেল কাফির কাছে। দিন শেষে বিকেএসপির টিভিরুমে আর পত্রিকার পাতায় খুঁজতেন উসাইন বোল্টকে। বিশ্বের দ্রুততম মানবকে নিয়ে তখন শোরগোল চারদিকে। পত্রিকার পাতা থেকে ছবি কেটে রাখতেন বোল্টের। ইদানীং বোল্টের দৌড়ের ভিডিও তাঁর ল্যাপটপ আর মুঠোফোনে ভর্তি। বোল্ট যেন অলক্ষ্যেই মেজবাহকে অলিম্পিকের স্বপ্ন দেখাতে শুরু করেন, ‘উসাইন বোল্টকে দেখেই অলিম্পিকে খেলার ইচ্ছাটা জেগে ওঠে।’
বোল্টকে যেবার রাশিয়ায় ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেখেছিলেন ১০ মিটার দূর থেকে, সেকি রোমাঞ্চ মেজবাহর, ‘বোল্টকে সামনাসামনি দেখে এতটাই এক্সাইটেড হয়েছিলাম যে পাশের লোকের হাত চেপে ধরেছিলাম!’ মেজবাহর ভালো লাগা আরও জমাট বেঁধেছিল আমুদে চরিত্রের বোল্টকে দেখে, ‘ওই দিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল স্টেডিয়ামে। বোল্ট আসতেই সবাই একযোগে চিৎকার। সবাইকে দেখিয়ে বোল্ট এমন ভান করলেন, যেন মাথায় একটা ছাতা ধরা। ওই কাল্পনিক ছাতা মাথায় দিয়ে দিব্যি হাঁটতে শুরু করলেন। এসব দেখে সবাই হেসে গড়াগড়ি। একটু পর ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করলেন সবাইকে।’
নিরাপত্তার কড়াকড়ি থাকায় বোল্টের সঙ্গে সেবার ছবি তুলতে পারেননি। তবে এবার ব্রাজিলে গিয়ে মেজবাহ সেলফি তুলতে চান, ‘যেভাবেই হোক এবার বোল্টের সঙ্গে ছবি তুলবই।’
চিতলমারীর ডুমুরিয়া গ্রামের ছোট্ট মেজবাহকে বাবা মোকাম্মেল হোসেন ভর্তি করে দিয়েছিলেন বাগেরহাটের আল ইসলা একাডেমিতে। স্কুলের বার্ষিক ক্রীড়ায় মেজবাহ বরাবরই প্রথম হতেন। তাঁর প্রতিভা দেখে স্কুলের এক শিক্ষক বলেছিলেন, ‘আমরা জানি তুমি আমাদের স্কুলের গর্ব। কিন্তু এখানে ধরে রেখে তোমার ক্যারিয়ার নষ্ট করতে চাই না। তুমি বিকেএসপিতে ভর্তি হও।’
মেজবাহর মামা সাইফুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর ফুটবলার। মামার হাত ধরে বিকেএসপিতে ট্রায়াল দেন। ২০০৭ সালে ভর্তি হলেও দুই বছর পর প্রথম জুনিয়র মিটে ১০০ ও ২০০ মিটারে সোনা জেতেন। পরের বছর ছয়টি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই জেতেন সোনা। ২০১৩ বাংলাদেশ গেমসে প্রথম দ্রুততম মানব হন মেজবাহ। এরপর টানা তিন জাতীয় মিটেও শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন।
মানুষ তাঁর স্বপ্নের সমান বড়। ডুমুরিয়ার মুদি দোকানি মোকাম্মেল হোসেন ছেলেকে নিয়ে বড় স্বপ্নই দেখেন। ঢাকায় এসে ট্র্যাকে দৌড়ানো হয়নি চায়না বেগমের, কিন্তু চোখ বুজলেই এখন দেখতে পান ছেলে দৌড়াচ্ছে এস্তাদিও অলিম্পিকো জোয়াও হ্যাভেলাঞ্জের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে।
মেজবাহ আহমেদ
অ্যাথলেট
জন্ম
১১ মার্চ, ১৯৯৫
জন্মস্থান
বাগেরহাট
সংস্থা
বাংলাদেশ নৌবাহিনী
ঘরোয়া সাফল্য
২৩ পদক (১৮ সোনা, ৩ রুপা, ২ ব্রোঞ্জ)
আন্তর্জাতিক সাফল্য
পদক নেই
সেরা টাইমিং
১০০ মিটারে ১০.৭২ সেকেন্ড