মেওয়েদারকে লায়লার 'পাঞ্চ'

হতে পারেন সবচেয়ে রোজগেরে অ্যাথলেট, হতে পারেন সময়ের অপ্রতিদ্বন্দ্বী বক্সার। কিন্তু ফ্লয়েড মেওয়েদার মোহাম্মদ আলীর মতো ‘গ্রেট’ হতে পারেন না। সাফ জানিয়ে দিলেন আলীর কন্যা লায়লা আলী। মেওয়েদার জুনিয়রকে একটা পাঞ্চও মেরেছেন লায়লা, ‘মানসিকভাবে সে সুস্থির নয়!’
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় লাস ভেগাসের রিংয়ে ফিলিপাইনের ম্যানি প্যাকিয়াওয়ের সঙ্গে লড়বেন যুক্তরাষ্ট্রের মেওয়েদার। ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’খ্যাত এই লড়াইয়ের ঠিক আগে স্বদেশি বক্সারকে নিয়ে লায়লা আলীর মুখ খোলার কারণও আছে। দিন কয়েক আগে মেওয়েদার দাবি করেছিলেন তিনি মোহাম্মদ আলীর চেয়েও ভালো বক্সার। তাঁরই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন লায়লা, ‘মোহাম্মদ আলীর চেয়ে সে ভালো বক্সার এমন দাবি আমি মানি না।’ সিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী-কন্যা এটাও মনে করিয়ে দিলেন, শুধু রিংয়ে ভালো করলেই গ্রেট হওয়া যায় না, গ্রেট হওয়ার জন্য রিংয়ের বাইরেও ভালো মানুষ হতে হয়। আর এখানেই যোজন-যোজন পিছিয়ে মেওয়েদার, ‘ব্যক্তি হিসেবে সে সুস্থির নয়। ফ্লয়েডকে আমি জানি। তাদের পরিবারও আমার অচেনা নয়। রজার মেওয়েদার (ফ্লয়েড মেওয়েদারের চাচা) এবং ফ্লয়েড মেওয়েদার সিনিয়র দুজনের অধীনেই আমি অনুশীলন করেছি। জিমে মেওয়েদার জুনিয়রের সঙ্গেও সময় কাটিয়েছি। তাকে ছোট একটা বালকের মতো মনে হওয়ায় অনেকবারই কাছে গিয়ে তার সঙ্গে কথা বলেছি। সে এখন মাথায় বড় হয়ে উঠলেও তার মধ্যে মানসিকভাবে অস্থির এক ব্যক্তিকেই দেখি আমি।’
মানসিকভাবে সুস্থির না হওয়ার জন্য অঢেল টাকারও একটা ভূমিকা দেখছেন লায়লা, ‘জানি, যখন টাকা থাকে, ক্ষমতা থাকে আপনাকে ঘিরে থাকবে তোষামোদকারীর দল। তখন আপনি সত্যিকারের হিতাকাঙ্ক্ষীদের পাশে পাবেন না আপনি।’ অতীতে মেওয়েদার জুনিয়রের বান্ধবী পেটানোর প্রসঙ্গ তুলে আলী-কন্যা ব্যক্তি মেওয়েদারকেও তুলে ধরার চেষ্টা করলেন, ‘তার আচার-আচরণ আমার পছন্দ নয়। মানুষকে সে যে চোখে দেখে সেটাও অপছন্দ করি আমি। আর অবশ্যই তার মেয়েদের পেটানোটাকে মেনে নিতে পারছি না। কারণ এটা কাপুরুষোচিত কাজ।’ লায়লা আলী মনে করেন ‘মানসিকভাবে অস্থির’ এই বক্সারের জন্য এমন একজনের যিনি সত্যিই তাঁর পথপ্রদর্শক হয়ে উঠবেন।
শুধু লায়লাই নন, আলীর চেয়ে নিজেকে ভালো বলায় মেওয়েদার জুনিয়রকে তোপ তেগেছেন মাইক টাইসনও। সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের ভাষায়, ‘সে একটা ঘোরের মধ্যে আছে। গ্রেটনেসের দিক থেকে যে যদি আলীর কাছাকাছিও থাকত দেখতে পেতাম নিজের বাচ্চাদের সে স্কুল থেকে নিয়ে আসছে। গ্রহণযোগ্যতার মাধ্যমে মানুষই ঠিক করে দেয় গ্রেটনেস। সে খানিকটা ভিতু, আতঙ্কিত ছোট মনের মানুষ।’
রিংয়ে নামার আগেই এমন তির মেওয়েদারের দিকে! আরও ধেয়ে আসা তিরের লক্ষ্য থেকে নিজেকে বাঁচাতে চাইলে প্যাকিয়াওকে হারাতেই হবে রিংয়ে কখনো হার না-দেখা মেওয়েদার জুনিয়রকে! রয়টার্স, সিবিএস।