মেজবাহকে ডাকছে 'বার্ডস নেস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজবাহ উদ্দিন
মেজবাহ উদ্দিন

বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়াম উসাইন বোল্টদের স্বাগত জানানোর অপেক্ষায়। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারলেই চোখে পড়বে ক্ষণগণনার ঘড়ি। ২২-৩০ আগস্ট বেইজিংয়ে বসছে বিশ্ব অ্যাথলেটিকসের সর্বোচ্চ আসর। যেটিতে যাওয়ার জন্য ক্ষণ গুনছেন বাংলাদেশের স্প্রিন্টার মেজবাহ উদ্দিন। ১৮ আগস্ট চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন দেশের দ্রুততম মানব।
অংশ নিয়েছিলেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের গত আসরেও। মস্কোতে সেবার ১০০ মিটার শেষ করেছিলেন ১১.১৩ সেকেন্ডে। কিন্তু এবার প্রত্যাশার পারদ আরও উঁচুতেই রেখেছেন, ‘গতবার বৃষ্টির মধ্যে ভালোভাবে দৌড়াতে পারিনি। শীতেও কাবু হয়ে গিয়েছিলাম। এবার আগেভাগে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চাই। আশা করি, ১০ সেকেন্ডের কাছাকাছি টাইমিং করতে পারব।’
বিকেএসপিতে জুনিয়র মিটে দৌড়ানোর সময়ই মেজবাহর হৃদয়জুড়ে জায়গা করে নেন বিশ্বের দ্রুততম মানব বোল্ট। প্রিয় অ্যাথলেটের সঙ্গে দেখা হয়েছিল রাশিয়ায়। হিট ও ফাইনাল দুবারই বোল্টকে খুব কাছ থেকে দেখেছিলেন বাগেরহাটের যুবক। আবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপ দুয়ারে। আবারও বোল্টকে কাছে থেকে দেখার রোমাঞ্চ খেলা করছে মেজবাহর চোখে-মুখে। তবে সেবার একটি অতৃপ্তি থেকে গিয়েছিল মেজবাহর। এবার যা ঘোচাতে চান, ‘গতবার বোল্টের সঙ্গে ছবি তুলতে চেয়েও পারিনি। তাঁর আশপাশে সব সময় নিরাপত্তারক্ষী ছিল। আমাকে কাছেই ঘেঁষতে দেয়নি। এবার চেষ্টা করব বোল্টের সঙ্গে ছবি তোলার।’
বোল্টের সঙ্গে যে ইচ্ছাটা পূরণ করতে পারেননি, সেটা করেছিলেন তাঁরই স্বদেশি দ্রুততম মানবী শেলি-অ্যান ফ্রেজারের সঙ্গে। দুবারের অলিম্পিক সোনাজয়ী জ্যামাইকানের সঙ্গে ছবি তুলেছিলেন গত বছর গ্লাসগো কমনওয়েলথ গেমসে। সেই সুখস্মৃতি মনে পড়ছিল কাল, ‘শেলি-অ্যান ফ্রেজারের সঙ্গে ছবি তুলেছি, অটোগ্রাফও নিয়েছি। তাঁর কাছ থেকে টিপসও নিয়েছিলাম। আমার ফেসবুকের বন্ধু তালিকাতেও আছেন ফ্রেজার। এমন বড় মাপের অ্যাথলেট, অথচ আমার সঙ্গে কত কথা বললেন। আমার তো বিশ্বাসই হচ্ছিল না!’
ফ্রেজারের একটা কথা এখনো মনে গেঁথে আছে মেজবাহর, ‘অনুশীলনের কোনো বিকল্প নেই।’ কিন্তু অনুশীলনটাই যে নিয়মিত করতে পারেন না মেজবাহ। আক্ষেপের সুরে বলছিলেন, ‘খুব ইচ্ছে করে ওঁর মতো হতে। কিন্তু ইচ্ছা থাকলেই তো সব হয় না। আমি জানি, আমাকে আরও বেশি অনুশীলন করতে হবে। বিদেশে গিয়ে ভালো ট্রেনিং নিতে পারলে টাইমিংটা আরও ভালো হতো।’
বছরে একবার জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করেই যেন দায়িত্ব শেষ ফেডারেশনের। এরপর বেশির ভাগ অ্যাথলেট অনুশীলন সারেন নিজেদের সার্ভিসেস সংস্থায়। বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট মেজবাহও তেমনি নিজ উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
দেশে অপ্রতিদ্বন্দ্বী মেজবাহ। টানা তৃতীয়বার দ্রুততম মানব। লক্ষ্য আগামী সেপ্টেম্বরের জাতীয় আসরে রেকর্ড চতুর্থবারের মতো দ্রুততম মানব হওয়া। স্বপ্নটা দেশ ছাড়িয়ে অলিম্পিককে ছোঁয়। অলিম্পিকে পদক পাওয়া তো দুরাশা, তবে অলিম্পিয়ান তো হতেই পারেন। ‘এক দিন অলিম্পিকে দৌড়াতে চাই। এই স্বপ্নটা আমার মায়েরও’—বলার সময় মেজবাহর কণ্ঠে ঘোর টের পাওয়া যায়। এবারের বিশ্ব অ্যাথলেটিকস হবে বার্ডস নেস্টে। সেখানে দৌড়াবেন ভেবে তিনি রীতিমতো রোমাঞ্চিত, ‘ওটা তো অলিম্পিকের স্টেডিয়াম। অলিম্পিকে কখনো যাইনি। শুধু সেখানকার ভিডিও দেখেছি। বাস্তবে সেখানে দৌড়াব, ভাবতেই ভালো লাগছে।’