ব্রাজিলের রিওতে বসেছে অলিম্পিকের ৩১তম আসর। যে ক্রীড়াবিদেরা খেলায় নৈপুণ্য দিয়ে নজর কাড়ছেন, তাঁদের অনেকেই কিন্তু পড়ালেখায়ও তুখোড়! তেমনই কয়েকজনকে নিয়ে এই আয়োজন।

আস্তিয়ার নিকোলাস
পাঁচ বছর বয়সে প্রথম ঘোড়ার পিঠে চড়েছিলেন আস্তিয়ার নিকোলাস। মায়ের সঙ্গে প্রায়ই ঘোড়ায় চড়তেন। মাত্র নয় বছর বয়সেই অপেক্ষাকৃত ছোট ঘোড়া নিয়ে তিনি প্রতিযোগিতা শুরু করেন। আর ১৪ বছর বয়স থেকে পুরোদস্তুর ঘোড়দৌড় খেলায় নাম লেখান এই ফরাসি ক্রীড়াবিদ।
কৃষিবিদ্যায় স্নাতক শুরু করলেও ঘোড়দৌড়ে এতই বিমোহিত ছিলেন যে পরবর্তী সময়ে ইকুইনি সায়েন্স (অশ্বতুল্য বিজ্ঞান) বিষয়ে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে স্নাতক ডিগ্রি নেন। তাঁর নাকি ছোটবেলা থেকে একটাই লক্ষ্য ছিল, তা হলো, দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়া। সেই জেদ থেকে এবার প্রথমবারের মতো অংশ নিয়েই অশ্বারোহণ প্রতিযোগিতায় (ইকুয়েস্ট্রিয়ান) অলিম্পিকের সোনাটি এসেছে এই ফরাসির পকেটে।

পাউলা পেরেতো
২০১২ সালের অলিম্পিকে আর্জেন্টিনার জুডো খেলোয়াড় পাউলা পেরেতোকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কি সিঙ্গল?’ উত্তরে পেরেতো জানিয়েছেন, ‘হ্যাঁ।’ কিন্তু পাশ থেকে তাঁর মা দিয়েছিলেন অন্য খবর, ‘শি ইজ এনগেজড টু জুডো!’
এখন জুডোর সঙ্গে যাঁর প্রেম, সেই মেয়েটির মাত্র চার বছর বয়সেই জিমন্যাসস্টিকস ও সাঁতারে হাতেখড়ি হয়েছিল। শেষ পর্যন্ত জুডো বেছে নেওয়ার পেছনে মজার একটা ঘটনা আছে। পেরেতোর বয়স তখন নয় বছর। স্কুল থেকে ছোট ভাই মার্কো বন্ধুদের হাতে মার খেয়ে এসে বাসায় কান্নাকাটি করছিল। ভাইয়ের মতো অযথা মার খেতে নারাজ ছিলেন তিনি। আত্মরক্ষার্থে জুডো খেলা কাজে আসবে বলেই আগ্রহী হন জুডো খেলার প্রতি। বাবার সহায়তায় তাঁর ভাইকে নিয়েই ভর্তি হয়ে যান স্থানীয় এক জুডো ক্লাবে। আর সেই আগ্রহ থেকেই এবার দেশের হয়ে জিতলেন ২০১৬ অলিম্পিকের প্রথম সোনা। আর্জেন্টাইন জুডো-কন্যা পড়ালেখায়ও কম যান না। ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস থেকে মেডিসিনের ওপর স্নাতক ডিগ্রি আছে তাঁর। ২০১৫ সালে দেশের হয়ে সেরা অ্যাথলেট হিসেবে গোল্ড অলিম্পিয়া অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।

কাতিনকা হোসজু
সাঁতারে হাঙ্গেরির দুই-তৃতীয়াংশেরও বেশি রেকর্ড নাকি কাতিনকা হোসজুর দখলে। তাঁকে বলা হয় ‘আয়রন লেডি’। অলিম্পিকের বাইরে অন্যান্য প্রতিযোগিতায় মেডেলের পর মেডেল জিতলেও গত তিন অলিম্পিকে কেন জানি একেবারে কাছাকাছি এসেও মেডেল পাওয়া হয়নি। তবে হাঙ্গেরিয়ানদের হতাশ করেননি এবার। ইতিমধ্যে ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ২০০ ও ৪০০ মিটার মেডলেতে যে-সে মেডেল নয়, একবারে সোনাই জিতে নিয়েছেন ‘লৌহমানবী’।
ছোটবেলা থেকেই পড়াশোনায় তাঁর ছিল বিশেষ সুনাম। পাশাপাশি সাঁতারকেও সব সময় অগ্রাধিকার দিতেন। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে মনোবিদ্যায় স্নাতক ডিগ্রি নিয়েছেন সাফল্যের সঙ্গে।

হোপ সোলো
হাইস্কুল থেকে ফুটবল খেলা শুরু করলেও প্রথম জীবনে হোপ সোলো ছিলেন পুরোদস্তুর স্ট্রাইকার। হাইস্কুল ফুটবলে সবচেয়ে বেশি গোলের কীর্তিও তাঁর। তবে কলেজে ওঠার পর থেকে গোল করার চেয়ে গোল বাঁচানোর প্রতি বেশি মনোযোগ দেন যুক্তরাষ্ট্রের সকার দলের এই গোলকিপার। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে স্পিচ কমিউনিকেশনের ওপর ডিগ্রি নেওয়ার সময় সবার চোখে পড়েন হোপ অ্যামেলিয়া সোলো। বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে নিয়মিত ফুটবল খেলেই তিনি পুরোদস্তুর পেশাদার খেলোয়াড় হয়ে ওঠেন।
বলা হয়, ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে যুক্তরাষ্ট্র নারী দলের সোনা জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল তাঁর। অবিশ্বাস্য সব গোল ঠেকিয়ে দিয়ে দলকে জিতিয়েছেন ২০১৫ বিশ্বকাপেও। পেয়েছেন হোয়াইট হাউসের বিশেষ সম্মাননা।

অ্যান্থনি আরভিন
২০০০ সালের সিডনি অলিম্পিকে প্রথম সোনা জিতেই সবার নজরে আসেন যুক্তরাষ্ট্রের অ্যান্থনি আরভিন। তারপর হঠাৎ বছর তিনেক পর প্রতিযোগিতামূলক সাঁতার থেকে সরে দাঁড়ান। নিজের গোল্ড মেডেল নিলামে তুলে সেই অর্থ দান করেন সুনামি-দুর্গত ব্যক্তিদের জন্য। তারপর কিছুদিন বিরতি দিয়ে ২০১২-এর অলিম্পিকে আবারও পুলে নামেন। সেবার মেডেল না জিতলেও ২০১৬ সালে রিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জিতেছেন।
আরভিনের সুইমিংয়ের সূত্রপাত হাইস্কুলে পড়াকালীন। পড়াশোনায়ও পিছিয়ে নেই তিনি। ইংরেজি সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন বার্কলি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে। বর্তমানে ক্যালটেকে তিনি উচ্চতর ডিগ্রির জন্য পড়ছেন খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ে।
গ্রন্থনা: তৌশিকুর রহমান