মো ফারাহর ঐতিহাসিক 'ট্রিপল-ডাবল'

লন্ডন অলিম্পিক থেকে দূরপাল্লার দৌড়ের শিরোপাগুলো যেন একেবারে নিজের করে নিয়েছেন ব্রিটিশ দৌড়বিদ মো ফারাহ। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৫ হাজার আর ১০ হাজার মিটারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর ২০১৩ বিশ্ব অ্যাথলেটিকসেও পুনরাবৃত্তি করেছিলেন একই সাফল্যের। বেইজিংয়ে এবারের বিশ্ব প্রতিযোগিতায় কেবল সাফল্যের ধারাবাহিকতাটিই ধরে রাখলেন তিনি। ১০ হাজার মিটার জয়ের পর আজ জিতলেন ৫ হাজার মিটারের শিরোপা।
নিজের কোচের বিরুদ্ধে ডোপিংয়ে উৎসাহ দেওয়ার অভিযোগ তাঁর প্রস্তুতিকে যথেষ্ট বাধাগ্রস্ত করেছিল। সব বাধাকে অতিক্রম করে গত সপ্তাহে তিনি জিতেছিলেন ১০ হাজার মিটার দৌড়। আজ ৫ হাজার মিটার দৌড় তিনি শেষ করেছেন ১৩ মিনিট ৫০.৩৮ সেকেন্ড সময় নিয়ে।
আজ মো ফারাহকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কেনিয়ার কেলাব এনদিকো। তিনি দ্বিতীয় হতে সময় নিয়েছেন ১৩ মিনিট ৫১.৭৫ সেকেন্ড। ইথিওপিয়ার হ্যাগস গেবেরহিওয়েট হয়েছেন তৃতীয়।
এই প্রথমবারের মতো দূরপাল্লার দৌড়ে পরপর তিনটি প্রতিযোগিতায় ১০ হাজার ও ৫ হাজার মিটার দৌড়ের শিরোপা জিতলেন ফারাহ। তিনি ইতিহাসের প্রথম দৌড়বিদ যিনি এই অনন্য কৃতিত্বের অধিকারী হলেন। সূত্র: রয়টার্স।