মোয়াজ্জেমের 'ভার' তুলিয়েদের গল্প

‘আপনা মাসে হরিণা বৈরী’—চর্যাপদের এই বাক্যটির সঙ্গে ফরিদ হোসেনের জীবনের অনেক মিল। সুস্বাদু মাংসের কারণেই মূলত শিকার হয়ে আসছে হরিণ। ঠিক তেমনি ফরিদের সুঠাম শরীরটাই তাঁর ‘শত্রু’ হয়ে দাঁড়াল!
কীভাবে? উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি। ওজন প্রায় ১০০ কেজি। বিশাল শরীরটাই একসময় মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম ভোমরদহের স্থানীয় ডাকাত দলের নজরে পড়ে গেল। সে-ও লম্বা এক কাহিনি। গ্রামে ডাকাতদের অন্যায় কাজে বাধা দিতে যুবকদের নিয়ে প্রতিরোধ গড়েছিলেন ফরিদ হোসেন। একপর্যায়ে তাঁকে মেরে ফেলার হুমকি দিল ডাকাত সর্দার। বেঁচে থাকার শর্তেই ফরিদ ওই ডাকাতদের সঙ্গে হাত মেলাতে বাধ্য হলেন একসময়।
কিন্তু অন্ধকার জগৎ কেড়ে নিতে পারল না তাঁর ভেতরের আলো। পালিয়ে এসে আশ্রয় নিলেন ভারোত্তোলক কোচ মোয়াজ্জেম হোসেনের কাছে। শরীরের শক্তি কাজে লাগিয়ে ‘ভার’ তোলা সেই শুরু। ভারোত্তোলনের নেশা আস্তে আস্তে পেয়ে বসল। ১৯৯৬ সালে জাতীয় প্রতিযোগিতায় গলায় তুললেন প্রথম সোনার পদক। এরপর দেড় যুগ পার। এ পর্যন্ত ৫টি সোনা, ৯টি রুপা ও ৫টি ব্রোঞ্জ আছে তাঁর খেরোখাতায়। ও হ্যাঁ, ভার তুলতে তুলতেই বাংলাদেশ আনসারে চাকরি মিলল।
শুধু ফরিদ নন, বিচিত্র পেশার যুবকেরা ভারোত্তোলন শিখতে ছুটে আসেন মোয়াজ্জেমের কাছে। কেউ সাইকেল মেকানিক, কেউ নছিমনের চালক, কেউ সহকারী। আছেন মুদি দোকানদার ও কৃষক। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শুরু হওয়া জাতীয় ভারোত্তোলনে খেলছেন এঁরা সবাই।
তারই এক ফাঁকে নিজের বদলে যাওয়ার গল্পটা বলছিলেন ফরিদ, ‘খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিলাম। একদিন ওস্তাদের সঙ্গে দেখা করলে তিনি বললেন, ওসব বাদ দাও। খেলাধুলা শুরু করো। আমার জীবনে বাবার পরই ওস্তাদের স্থান। তিনি আমার জীবন বদলে দিয়েছেন।’
মোয়াজ্জেম বদলে দিয়েছিলেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক হামিদুল ইসলামের জীবনও। হামিদুল তাঁর মামার হোটেলে কাজ করতেন। রাতে তাঁকে ডেকে নিয়ে আসতেন মোয়াজ্জেম। বাঁশের দুই পাশে ভার বেঁধে মোমবাতির আলোয় অনুশীলন করিয়েছেন। সেই হামিদুল এখন সেনাবাহিনীর চাকুরে, দেশের নামী ভারোত্তোলক।
মেহেরপুর শহরে দিনমজুরের কাজ করতেন হাসানুজ্জামান। তাঁকে তুলে এনে ভারোত্তোলন শিখিয়ে আনসারে চাকরি দিয়েছেন মোয়াজ্জেম। এবার খেলতে আসা নজরুল ইসলাম সাইকেল সারানোর কাজ করেন। গত আট বছর জাতীয় প্রতিযোগিতায় খেলে ৩টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতেছেন। গাংনীর বাগানপাড়ার দোকানে বসার আগে ভোরবেলায় দুই ঘণ্টা অনুশীলন সারেন নজরুল। বিকেল চারটা পর্যন্ত দোকানে সময় দিয়ে সন্ধ্যায় আবারও অনুশীলন।
দোকানে সময় দিতে হয় আজাদ আবুল কালামকেও। বাবা মুসা হকের মুদিখানায় বসেন, দুপুর ১২টা পর্যন্ত দোকানদারি সেরে বিকেলে অনুশীলন। মালামাল কিনতে গাংনী গিয়ে একফাঁকে অনুশীলনটাও সেরে নেন। তবে এবার ৬৯ কেজিতে ব্রোঞ্জ জিতে অসন্তুষ্টই কালাম, ‘আরও ভালো করা উচিত ছিল। কিন্তু বাবা দোকানে বসিয়ে রাখে বলে বেশি সময় দিতে পারি না।’
ঢাকায় আসার আগের দিনও ইকবাল হোসেন অন্যের জমিতে ধান কেটেছেন। লেখাপড়া করেছেন মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত। আর্থিক অসচ্ছলতায় লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। অন্যের জমিতে কামলা খাটার পরও ক্লান্ত শরীরে অনুশীলন চালিয়ে যান নিরন্তর। প্রথম পদক জেতায় ইকবালের আনন্দ দেখে কে! ৫৬ কেজিতে ব্রোঞ্জ জিতে বারবার পদকে চুমু খাচ্ছিলেন। উচ্ছ্বসিত ইকবাল বলছিলেন, ‘তিন বছর ধরে খেলছি। এবারই প্রথম পদক জিতলাম। আনন্দটা বোঝাতে পারব না।’
শিষ্যদের কাছ থেকে টাকাপয়সা নেন না মোয়াজ্জেম। ভারোত্তোলকদের পদক জয়ের হাসিটাই তাঁর অনেক বড় পাওয়া।