মেয়ের জন্যই ফারাহর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ লন্ডন অলিম্পিকের পর থেকেই এ দৃশ্য দেখছেন সবাই। আবারও ১০ হাজার মিটার দৌড়ে বিজয়ী মো ফারাহ, আবারও দেখা মিলল ‘মো-বোটের’ l রয়টার্স
২০১২ লন্ডন অলিম্পিকের পর থেকেই এ দৃশ্য দেখছেন সবাই। আবারও ১০ হাজার মিটার দৌড়ে বিজয়ী মো ফারাহ, আবারও দেখা মিলল ‘মো-বোটের’ l রয়টার্স

তাঁর জীবনটা গল্পের মতো। রূপকথার নায়কের মতোই উত্থান মো ফারাহর। যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ায় জন্ম নেওয়া এই ব্রিটিশ অ্যাথলেটের জীবনের উত্থান-পতনের গল্পই যেন ফিরে এল রিও অলিম্পিকের ট্র্যাকে। দৌড়ের মাঝপথে হঠাৎ পেছন থেকে গ্যালেন রাপের ধাক্কা লেগে হোঁচট খেলেন। সে ধাক্কা সামলে সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়েছেন ফারাহ। সবার প্রত্যাশা পূরণ করে জিতেও নিয়েছেন ১০ হাজার মিটারের সোনা।
২০১২ লন্ডন অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটার দুটিতেই সোনা জিতেছিলেন। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, এবারও দুটিই জিততে না পারলে সেটিকে ব্যর্থতা বলেই গণ্য করবেন। প্রথম ইভেন্টে হতাশ হতে হলো না তাঁকে। ২৭ মিনিট ৫.১৭ সেকেন্ড সময় নিয়ে গলায় পরলেন সোনালি পদক। প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে ট্র্যাকে তিনটি সোনা জিতলেন ফারাহ।
এই অর্জনের পেছনে বড় মেয়ে রিহানাকেও ধন্যবাদ দিতে পারেন ফারাহ। ধাক্কা লেগে পড়ে যাওয়ার পরও যে উঠে দাঁড়ালেন, আবারও দৌড় শুরু করলেন এর পেছনে কন্যাকে দেওয়া প্রতিজ্ঞারই তো সবচেয়ে বেশি জোর, ‘রিহানাকে কথা দিয়েছিলাম একটি পদক জিতব, আমি তো ওঁকে হতাশ করতে পারি না।’
তবে ধাক্কার মুহূর্তে ঠিকই আতঙ্কিত হয়ে পড়েছিলেন ফারাহ। ভেবেছিলেন স্বপ্নটা বুঝি ভেঙেই গেল, ‘যখন ট্র্যাকে ভূপাতিত হলাম, মনে হলো স্বপ্নটি শেষ হয়ে গেল। আমি আরেকটু গভীরভাবে ভাবতে শুরু করলাম। নিজেকে বললাম আতঙ্কিত হওয়ার দরকার নেই। ওই সময় আমার মনের একটা অংশ বলছিল, “দৌড় কি তবে শেষ হয়ে গেল?” অন্য অংশ বলছিল, “না, না”। এ জন্যই দৌড়ের শেষে এতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম।’
আগের মতো এবারও শেষ ১০০ মিটারে ‘ট্রেডমার্ক’ ঝোড়ো গতির দৌড় শুরু করেছিলেন ৩৩ বছর বয়সী ফারাহ। ওই দৌড়েই পেছনে পড়ে গেলেন দৌড়ের শুরুতে অনেক এগিয়ে যাওয়া পল তানুই। বিজয় নিশ্চিত হওয়ার পর ফারাহ তাই ক্ষমা করে দিয়েছেন ‘অপরাধী’ রাপকে, ‘গ্যালেন খুব ভালো একজন খেলোয়াড়, মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে। মানুষকে দোষারোপ করা সহজ কিন্তু অনেক বিষয়ই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমি তাকে দোষ দিই না। সে আমাকে সাহায্য করার চেষ্টা করেছে।’ সত্যিকারের একজন বিজয়ীর মুখে এমন কথাই তো মানায়!
ব্রিটিশদের এমন আনন্দের দিনটি অবশ্য একটু ম্লান হয়ে গেল মেয়েদের হেপ্টাথলনে। এই ইভেন্টে হেরে গেছেন লন্ডনের সোনাজয়ী ব্রিটিশ অ্যাথলেট জেসিকা এনিস-হিল (৬৬৫৩ পয়েন্ট)। ফেবারিট এনিস-হিলকে হারিয়ে দিলেন বেলজিয়ামের নাফিসাতু থিয়াম (৬৮১০ পয়েন্ট)। অথচ মাত্র ছয় সপ্তাহ আগেই কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। শুধু ফাইনালে ওঠার আশা করেছিলেন থিয়াম, সেখানে ফেবারিট এনিস-হিলকে হারিয়ে সোনাই জিতে গেলেন! আবেগে তাই বাঁধ দেওয়ার কোনো চেষ্টাই করলেন না থিয়াম, ‘বিজয়ীর মঞ্চে ফিরতে পেরে অনেক খুশি। খুবই আবেগাপ্লুত, তবে এটি আমার আনন্দাশ্রু।’ এএফপি।