
হুসেইনের গলাও খালি থাকছে না। ১০ হাজার মিটার জয়ের পর মো ফারাহ জানিয়েছিলেন, এক বছর বয়সী শিশুপুত্র হুসেইনের গলাতেও একটি সোনার পদক ঝুলিয়ে দিতে চান। স্বপ্ন পূরণ হয়েছে সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেটের, পরশু ৫ হাজার মিটারেও সোনা জিতেছেন। স্বপ্নপূরণের মুহূর্তে সেটিই মনে করিয়ে দিলেন ফারাহ, ‘শিগগিরই বাচ্চাদের দেখতে চাই আমি, ওদের সবার গলায় ঝুলবে একটি করে মেডেল।’
কথাবার্তাতেই পরিষ্কার, বেশ খোশমেজাজে আছেন মো ফারাহ। লাস্সে ভিরেনের ৪০ বছর পর দূরপাল্লার দৌড়ে টানা অলিম্পিকে ‘ডাবল’ জয়ের পর এমন উচ্ছ্বসিতই তাঁর হওয়ার কথা। ১৯৭২ মিউনিখ ও ১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জিতেছিলেন ফিনিশ দৌড়বিদ। এরপর ফারাহর আগে এই কীর্তি গড়ার কাছাকাছি গিয়েছিলেন শুধু ইথিওপিয়ার কেনেসিয়া বেকেলে। এথেন্স ও বেইজিং অলিম্পিকে এই দুই ইভেন্টে তিনটি সোনা ও একটি রুপা জিতেছিলেন তিনি।
লন্ডন অলিম্পিকের জোড়া সোনা ধরে রাখার কঠিন প্রতিজ্ঞা নিয়েই রিওতে এসেছিলেন। ৩৩ বছর বয়সেও প্রতিজ্ঞা রক্ষা করেছেন, পেয়ে গেছেন ব্রিটেনের সর্বকালের সেরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটের সম্মান। পথটি সহজ ছিল না ফারাহর, ‘এ জয় দেখাল লন্ডন কোনো অঘটন ছিল না। আবারও এটি করতে পারা অসাধারণ ব্যাপার। মানসিকভাবে সেরা অবস্থায় থাকতে হয়েছে। সবাই যে আমাকে হারাতে চায়। ১০ হাজার মিটারের পর আজ (পরশু) শুরুতে ক্লান্তি বোধ করছিলাম, কিন্তু একবার এগিয়ে যাওয়ার পর অন্য কাউকে আমি সামনে যেতে দিইনি।’
রিওতেই থামছেন না ফারাহ, দৌড়াতে চান ২০১৭ লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। এরপর কী হবে সেটা পরের কথা, ‘অলিম্পিক কঠিন হয়ে যাচ্ছে। তবে আমার চার সন্তানই একটি করে পদক পাচ্ছে। এর চেয়ে ভালো কিছু হতে পারত না।’ প্রত্যেক সন্তানের জন্য অলিম্পিক সোনা জয়ের কঠিন প্রতিজ্ঞা হয়তো নতুন করে সন্তান নেওয়ার সাহস দিচ্ছে না ফারাহকে, ‘আর না! ওহ হো, আশা করি আমার স্ত্রী এ কথা শোনেনি!’ আর নতুন অতিথি যদি এসেই যায়, তার গলা কি খালি রাখবেন ফারাহ?
টোকিও অলিম্পিকে দৌড়াবেন কি না ফারাহ সেই উত্তর তাহলে তাঁর স্ত্রী তানিয়া নেলই ভালো দিতে পারবেন! এএফপি, রয়টার্স!