ম্রিয়মাণ প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য দিনের চেয়ে কাল একটু বেশিই সরগরম ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবন। আসন্ন এসএ গেমসে অংশ নিতে যাওয়া বেশির ভাগ ফেডারেশনের সাধারণ সম্পাদক, কোচসহ অন্য কর্মকর্তারা এসে ভিড় জমিয়েছিলেন। এসএ গেমসের উদ্দেশে ভারত যাওয়ার আগে শেষবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন তাঁরা। প্রত্যাশাগুলো ম্রিয়মাণ। ২০১০ ঢাকা গেমসে ১৮টি সোনা, ২৪টি রুপা ও ৫৫টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবারের গেমসে খুব বেশি পদক জয়ের আশা কারোর নেই।
বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা লিখিত বক্তব্যে বলেন, ‘শুটিং, ভারোত্তোলন, বক্সিং, তায়কোয়ান্দো, আর্চারিতে ভালো ফলের আশা করছি আমরা।’ সেই ‘ভালো’টা সোনা না রুপা, সেই ব্যাখ্যা নেই। এরপর একে একে পদক জেতার সম্ভাবনাময় খেলাগুলোর ফেডারেশনের সাধারণ সম্পাদকেরা নিজেদের অনুশীলন, প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন।
এসএ গেমসের ইতিহাসে বাংলাদেশের জেতা ৬৩টি সোনার ২১টিই এনেছে শুটিং। সেই ‘সোনার খনি’ শুটিংকে এবার যেন সবচেয়ে বেশি নৈরাশ্য ঘিরে ধরেছে। সম্প্রতি দিল্লির এশিয়া অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশ দল খুবই খারাপ করেছে। তবে শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ আশাবাদীই থাকতে চান, ‘আমরা শুটিং নিয়ে সব সময়ই আশাবাদী। এখন দেখার ব্যাপার গেমসে কতটুকু ভালো করতে পারে শুটাররা। ১১টি ইভেন্টের মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলটিকে নিয়েই আমরা বেশি আশাবাদী।’ কিন্তু যিনি আশার মধ্যমণি, সেই কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকির পারফরম্যান্স নিম্মমুখী কেন? ইন্তেখাবুল হামিদের উত্তর, ‘আমাদের শুটার ঘরোয়া টুর্নামেন্টে ভালো করলেও আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে ওদের নার্ভাস ব্রেকডাউন ঘটে। এ জন্যই ভালো করতে পারে না।’ ইন্তেখাবুল হামিদ জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের কারণে গত এসএ গেমসে দুটি সোনা জেতা শারমিন আক্তার রত্নাকে এবার দলে নেওয়া হয়নি।
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের কথাবার্তা আরও অস্পষ্ট। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি অ্যাথলেট এলিটা শিকদার এসএ গেমসে খেলতে পারবেন কি না, তা নিয়ে চেঙ্গিসের ধোয়াঁশাপূর্ণ জবাব, ‘হয়তো ও আসবে। এলে গেমসে অংশ নেবে।’ গেমসে ১০০ মিটার, ২০০ মিটার ও রিলেতে অংশ নেওয়ার কথা এলিটার। কুস্তির সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, গতবার জেতা ৫টি ব্রোঞ্জের জায়গায় এবার ৮টা পদক জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ বিমানের ৩টি বিশেষ উড়ানে আগামী ৩, ৪ ও ৮ ফেব্রুয়ারি ভারত যাবে বাংলাদেশ দল। এবারের গেমসে ২২টি খেলায় অংশ নেবেন বাংলাদেশের ২২৩ জন পুরুষ ও ১৪৭ জন নারী অ্যাথলেট। গুয়াহাটিতে উদ্বোধনী অনুষ্ঠানে গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন ভারোত্তোলক হামিদুল ইসলাম। পরের দিন শিলংয়ে খেলোয়াড়দের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করবেন বক্সার আবদুর রহিম।