যুক্তরাষ্ট্রও হারতে জানে!
অলিম্পিকে মেয়েদের ফুটবল হবে আর যুক্তরাষ্ট্র সেখানে ফাইনালে খেলবে, এ যেন অলিখিত একটা রীতিই হয়ে দাঁড়িয়েছিল। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক দিয়ে শুরুর পর ২০০০ অলিম্পিক ছাড়া প্রতিবারই মেয়েদের ফুটবলের সোনা উঠেছে যুক্তরাষ্ট্রের হাতে। কিন্তু এবার শেষ চারেই উঠতে পারল না, সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায়। তবে কপাল পুড়তে পুড়তেও বেঁচে গেছে ব্রাজিল, সাডেন ডেথে অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে গেছে সেমিফাইনালে।
ব্রাজিল সেমিফাইনালে উঠেছে, অধরা অলিম্পিক সোনা জয় থেকে মাত্র দুই পা দূরে স্বাগতিক দল। কিন্তু ব্রাজিলের এই জয় যতটা না আলোচনায়, তার চেয়ে অনেক বেশি আলোচনায় যুক্তরাষ্ট্রের পরাজয়। এটি নিয়ে রিও অলিম্পিকই রীতিমতো তোলপাড়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ৪-৩ গোলে ভাগ্যে শিকে ছেঁড়ে সুইডেনের। যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার অ্যালেক্স মরগান টাইব্রেকারে গোল করতে পারেননি। বদলি ক্রিস্টিয়ান প্রেসও পেনাল্টি নষ্ট করেছেন। সুইডেনের লিসা ডালকভিস্টই গোল করে অনেক দিন মনে রাখার মতো একটা জয় এনে দিয়েছেন।
তবে পরাজয়টা এতটাই ধাক্কা হয়ে এসেছে যে, যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হোপ সলো বেফাঁস বলে ফেলেছেন, ‘আমরা একদল কাপুরুষের সঙ্গে খেলেছি।’ সলোর এই কথা নিয়েই ঝড় উঠেছে সমালোচনার।
এটুকু বলেই অবশ্য থামেননি সলো। স্পোর্টস ইলাসট্রেটেডকে মোটামুটি ক্ষোভ আর হতাশা যা ছিল সবটুকুই উগরে দিয়েছেন, ‘যোগ্য দলটা আজ জেতেনি। আমি খুব দৃঢ়ভাবেই সেটা বিশ্বাস করি। আপনারা দেখেছেন আমরা কতটা হৃদয় দিয়ে খেলেছি। নিজেদের সেরাটাই ঢেলে দিয়েছি।’
হোক টাইব্রেকারে, শেষ পর্যন্ত জয়টা তো সুইডেনেরই। সুইডিশ কোচ পিয়া সান্ডহেজ সেটিই মনে করিয়ে দিলেন, ‘জিতলে আমাদের কাপুরুষ হতেও সমস্যা নেই।’ যুক্তরাষ্ট্রের কোচ জিল ইলিসও দিন শেষে বাস্তববাদী, ‘ওরা ওদের পরিকল্পনাটা খুব ভালোভাবেই বাস্তবায়ন করেছে। দিন শেষে ফলটাই আসল।’
ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচের টাইব্রেকারটা আরও নাটকীয় ছিল। দুই দলই প্রথম চারটি পেনাল্টি থেকে গোল করেছিল। ব্রাজিল তারকা মার্তা পঞ্চম পেনাল্টিটা মিস করার পর মনে হচ্ছিল, নিজেদের মাঠে তাঁদের স্বপ্নভঙ্গই হবে। কিন্তু ব্রাজিলের গোলরক্ষক বারবারা পরের শট ঠেকিয়ে দিয়েছেন। ম্যারাথন টাইব্রেকারে শেষ পর্যন্ত ৭-৬ গোলে জিতেছে ব্রাজিল। সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ সুইডেন, অন্য সেমিফাইনালে মুখোমুখি জার্মানি-কানাডা। এএফপি।