যুক্তরাষ্ট্রে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গিয়ে করোনা পজিটিভ আর্চার দিয়া

বাংলাদেশের দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী (ডানে)।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গিয়ে দুঃসংবাদই শুনতে হয়েছে বাংলাদেশ আর্চারি দলকে। আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটন শহরে শুরু হচ্ছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। কিন্তু এই প্রতিযোগিতায় নামার আগে দিয়া সিদ্দিকী করোনা পজিটিভ হয়েছেন। বাংলাদেশ দলের জন্য এটা একটা বড় ধাক্কাই হয়ে এসেছে।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহসভাপতি আনিসুর রহমান আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোমান সানা ও দিয়া সিদ্দিকী এবার টোকিও অলিম্পিকে অংশ নেন
ফাইল ছবি: ওয়ার্ল্ড আর্চারি

‘দিয়া যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই করোনা পজিটিভ হয়েছে। যদিও ওর করোনার কোনো উপসর্গ নেই। আজ খেলা শুরুর আগে আরও একবার করোনা পরীক্ষা করা হবে। আমরা আশাবাদী, ও নেগেটিভ হয়ে খেলতে পারবে’ - বলেছেন আনিসুর রহমান।

ঢাকা ছাড়ার আগে দিয়া সিদ্দিকীসহ ছয়জন আর্চারেরই করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু দিয়া করোনা পজিটিভ হওয়ায় অবাক আনিসুর রহমান, ‘আমরা তো সবাইকে করোনা টেস্ট করেই পাঠিয়েছি। কিন্তু ওখানে গিয়ে কীভাবে ও পজিটিভ হলো বুঝতে পারছি না।’

বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী
ফাইল ছবি: ওয়ার্ল্ড আর্চারি টুইটার

আজ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ শুরু হবে র‍্যাঙ্কিং রাউন্ড দিয়ে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে খেলা। দিয়ার আজ খেলার কথা মেয়েদের রিকার্ভ এককে।

গত আগস্টে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে যাওয়ার আগেই অবশ্য দিয়া ও রোমান সানাকে করোনার টিকা দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দিয়া ছাড়াও বাংলাদেশের হয়ে খেলবেন রোমান সানা, হাকিম আহমেদ, রামকৃষ্ণ সাহা, অসীম কুমার দাস ও বিউটি রায়। শুধু অসীম কুমার দাসই খেলবেন কম্পাউন্ড ইভেন্টে। বাকি সবাই খেলবেন রিকার্ভে।

দিয়া সিদ্দিকী
ফাইল ছবি

রোমান সানাকে সঙ্গী করে দিয়া সিদ্দিকী এর আগে সুইজারল্যান্ডে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টু-এর রুপা জিতেছিলেন। এরপর টোকিও অলিম্পিকের বাছাইপর্ব পেরিয়ে খেলেছিলেন চূড়ান্ত পর্বে দুজনই।

চূড়ান্ত পর্বে দিয়া প্রথম রাউন্ডে স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে ৬-৫ সেট পয়েন্টে হেরে গিয়েছিলেন বেলারুশের কারিনা দিওমিনসকায়ার কাছে।