যে পুরস্কার অন্তহীন প্রেরণার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ বর্ষসেরা নারী ক্রীড়াবিদ মাবিয়া আক্তার l প্রথম আলো
২০১৫ বর্ষসেরা নারী ক্রীড়াবিদ মাবিয়া আক্তার l প্রথম আলো

পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে রোশনাই এত দিন দূর থেকে দেখেছেন। ভেতরের ‘রাশ উৎসবে’ যোগ দিলেন এই প্রথম। খিলগাঁওয়ের ক্ষুদ্র ব্যবসায়ী হারুনুর রশিদ আরেকটি আনন্দময় দিন উপহার পেলেন সোনার মেয়ে মাবিয়া আক্তার সীমান্তের কাছ থেকে। সোনারগাঁও হোটেলে মঞ্চটা তৈরি করে দিয়েছে রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান। কাল ওই মঞ্চে উঠে সাবেক হকি অধিনায়ক মামুনুর রশীদের হাত থেকে ২০১৫ বর্ষসেরা নারী ক্রীড়াবিদের ট্রফিটা যখন নিচ্ছিলেন ভারোত্তোলক মাবিয়া, মনের অজান্তেই চোখে জল এসেছিল হারুনুর রশীদের। অন্য অনেক তারকা খেলোয়াড়ের সঙ্গে একই মঞ্চে দাঁড়াবে মাবিয়া, এই স্বপ্নই দেখতেন হারুনুর রশীদ। এবার তা সত্যি করেছেন মাবিয়া।
পুনেতে গত বছর কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মাবিয়া ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন। একই বছরে কাতারে ইন্টারন্যাশনাল কাপ ও গ্রাঁ প্রিতে ব্রোঞ্জ। জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা। এই ধারাবাহিক সাফল্যেই মিলল পুরস্কারটা। কিন্তু পুরস্কারটা পাবেন এমন বিশ্বাস নাকি ছিল না, ‘এখানে আসার আগেও বুঝিনি পুরস্কারটা আমি পাচ্ছি। এর আগে মিনা আপু (মোল্লা সাবিরা), ময়না আপু এই পুরস্কার জিতেছিলেন। ওনারা আমার প্রেরণা। তাঁরা এই পুরস্কার যখন পেয়েছেন, তখন থেকেই ভাবতাম আমি কবে পাব। আজ খুবই ভালো লাগছে।’

২০১৪ সালের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জেতেন জাতীয় দলের ক্রিকেটার সালমা আক্তার। ওই বছর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে এক নম্বরে উঠে আসেন সালমা
২০১৪ সালের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জেতেন জাতীয় দলের ক্রিকেটার সালমা আক্তার। ওই বছর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে এক নম্বরে উঠে আসেন সালমা

পুরস্কার নিতে মাবিয়ার সঙ্গে এসেছিলেন বোন আঞ্জুমান আরাও। এই বোন সব সময় আক্ষেপ করে বলতেন, ‘তুই কখনো মানুষ হবি না।’ জ্বর, পেটব্যথা, মাথাব্যথার অজুহাতে কত দিন যে স্কুলে যাননি মাবিয়া! কিন্তু খেলার জন্য কোনো বাহানার দরকার হতো না। নিয়মিত ছুটে যেতেন জিমনেসিয়ামে। কিন্তু সেখানে যেতেও কত বাধা। গলির মোড়ের বখাটেরা নিয়তই ইভ টিজিং করত। মুরব্বিরা মাবিয়ার বাবাকে বলতেন, ‘তোমার মেয়ে তো ছেলেদের সঙ্গে খেলাধুলা করে। এটা কেমন হলো?’
কিন্তু সেই মাবিয়ায় যখন এ বছরের এসএ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে দেশে ফেরে, ওই বখাটেদের ব্যবহার যেন পাল্টে গেল রাতারাতি। এখন সেই ছেলেরাই অনুশীলনে এগিয়ে যেতে রাতের বেলা টর্চ এগিয়ে দেয়। তবে এসএ গেমসের সোনা নয়, গত বছরের কীর্তিতেই সেরার পুরস্কার পাওয়ায় আপ্লুত মাবিয়া, ‘এখন আমার দায়িত্ব আরও বেড়ে গেল। যদি অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পাই তাহলে ব্রাজিলে আরও ভালো করতে এই পুরস্কার হবে আমার জন্য বড় অনুপ্রেরণা।’
গত দুই বছরের পুরস্কার এবার একসঙ্গে দেওয়া হয়েছে। মাবিয়ার আগে ২০১৪ সালের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জেতেন জাতীয় দলের ক্রিকেটার সালমা আক্তার। ওই বছর আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে এক নম্বরে উঠে আসেন সালমা। মেয়েদের টি-টোয়েন্টি অলরাউন্ড র্যাঙ্কিংয়ে তিনে ছিলেন। ওই টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতেই আইসিসির সেরা দলেও মহিলা বিভাগে ঠাঁই পান সালমা। এর আগেও ২০০৮ ও ২০১১ সালের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। কাল যদিও অনুষ্ঠানে আসতে পারেননি সালমা, কিন্তু এই পুরস্কার নিশ্চয়ই সামনে এগিয়ে যাওয়ার বড় প্রেরণাই হবে তাঁর।