যে সোনা রাশিয়ার জন্য বিশেষ কিছু...

অলিম্পিক শুরুর দুদিন আগেও এই ধরাধামের সবচেয়ে বড় গেমসে খেলার ব্যাপারে নিশ্চিত ছিলেন না। শেষ পর্যন্ত অ্যাথলেটিকস দল ছাড়া রাশিয়ার অন্য প্রতিযোগীদের সঙ্গে রিওতে এসেছেন। এসেই গোটা দলকে আনন্দের প্রথম উপলক্ষ এনে দিয়েছেন বেসলাম মুদরানভ। গতকাল জুডোর ৬০ কেজি ওজন শ্রেণিতে জিতে রাশিয়াকে রিও অলিম্পিকের প্রথম সোনার হাসিতে ভরিয়েছেন তিনিই।
এমনিতে অলিম্পিকে সব সময়ই রাশিয়া শীর্ষ সারির দল। গত লন্ডন অলিম্পিকে রাশিয়ার চেয়ে বেশি সোনা জিতেছে মাত্র তিনটি দেশ। কিন্তু এবার পরিস্থিতিটা একটু অন্য রকম। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ কেলেঙ্কারির জন্য নিষিদ্ধ হয়েছেন রাশিয়া ১১৮ জন অ্যাথলেট। শেষ পর্যন্ত ২৭১ জন অংশ নিতে পারছেন রিও অলিম্পিকে। ১০৪ বছরে এটাই রাশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম অলিম্পিক দল! তাই এবার প্রথম সোনা জয়ের একটা তাৎপর্য থাকছেই।
মুদরানভ নিজেও সেটি জানেন। তবে তিনি আত্মবিশ্বাসী, স্বদেশি অ্যাথলেটরা সোনা জয়ের আরও অনেক উপলক্ষই এনে দেবেন, ‘আমাদের দেশ অনেক চাপের মধ্য দিয়ে যাচ্ছে, প্রথম দিনেই সোনা জেতা আমাদের জন্য তাই বিশেষ কিছু। আমি নিশ্চিত, এটাই আমাদের শেষ সোনা নয়। আমরা এখানে প্রস্তুত হয়েই এসেছি। চাপের মুখে ভেঙে পড়তে আসিনি।’
রিওতে আসার আগে ১০ দিন পর্তুগালে অনুশীলন করেছেন মুদরানভ। অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হবে, এমন একটা গুঞ্জন তখন জোরালো হচ্ছিল। তবে মুদরানভ আত্মবিশ্বাসী ছিলেন, ‘আমরা নিশ্চিত ছিলাম পুরো দেশকে কখনোই একসঙ্গে নিষিদ্ধ করা হবে না। তবে এটা ঠিক, সিদ্ধান্ত জানানোর দিন সবাই একটু স্নায়ুচাপে ভুগছিল।’
মুদরানভ এখন নিশ্চয় রাশিয়ার বাকিদের জন্যও প্রেরণা হয়ে যাচ্ছেন!