যোগ্যতামানই ছুঁতে চান বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা প্লেস পেয়ে অর্থাৎ সরাসরি যোগ্যতামান ছুঁয়েই অলিম্পিকে খেলা আবদুল্লাহ হেল বাকির আরাধ্য এক স্বপ্ন। কোটা প্লেসে আগামী বছর আগস্টে রিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাবেন, সেই আশায় কঠোর অনুশীলনও চালিয়ে যাচ্ছেন কমনওয়েলথ গেমসের রুপাজয়ী এই শ্যুটার। বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন সেই লক্ষ্যেই গত ১০ মার্চ বাকিকে এক মাসের বিশেষ অনুশীলনে পাঠিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায়। সেখানে বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে ভালো পারফরম্যান্স করলে পেতে পারতেন অলিম্পিকের কোটা প্লেস। কিন্তু সেটির ধারেকাছেও যেতে পারেননি বাংলাদেশের এই সময়ের সেরা রাইফেল শ্যুটার। ৬২১.৯ পয়েন্ট পেয়ে ৯৮ জনের প্রতিযোগিতায় ২৬তম স্থান পেয়েছেন।
তবে বিশ্বের সেরা শ্যুটারদের সঙ্গে পাল্লা দিয়ে এমন স্কোর করতে পেরেও অখুশি নন বাকি। গতকাল ফেসবুকে জানালেন, ‘আমার গড় স্কোর সব সময় এমনই হয়। তবে চাপের কারণে হয়তো দুই-এক পয়েন্ট কম করেছি। তার পরও রেজাল্টটা মন্দ না। তা ছাড়া ভারতের অনেকে তো আমার চেয়েও খারাপ করেছে। আমার এখন একটাই লক্ষ্য, বিশ্বকাপের পরের আসরগুলোয় ভালো করে কোটা প্লেস পাওয়ার চেষ্টা করা।’
কোরিয়ার এই বিশ্বকাপে অন্য এশীয় শ্যুটারদের সঙ্গে অবশ্য বাকির পারফরম্যান্সকে যথেষ্ট আশাব্যঞ্জকই বলতে হয়। এশীয়দের মধ্যে সব মিলিয়ে পঞ্চম হয়েছেন। এশিয়াডে তাঁর আগে আছেন চীনের তিনজন আর ইরানের একজন শ্যুটার। বাকিকে টপকে সর্বশেষ স্কটল্যান্ড কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অভিনব বিন্দ্রাও এই বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছেন। ৬১৯.৮ পয়েন্ট স্কোর নিয়ে বিন্দ্রা হয়েছেন ৪৬তম। আর ভারতের আরেক শ্যুটিং তারকা গগন নারাং ৬১৯.৯ পয়েন্ট নিয়ে হয়েছেন ৪৪তম, পঞ্চাশে নাম লিখিয়েছেন ভারতেরই সঞ্জীব রাজপুত (৬১৯.২)।
সাধারণত বিশ্বকাপের পাঁচটি সিরিজ, বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপ এবং কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী বা সেরা পারফরমারদের কোটা প্লেসের মাধ্যমে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ দেয় আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ)। এটা পেতে ব্যর্থ হলেই ‘ওয়াইল্ড কার্ড’ নামের দাক্ষিণ্যে অলিম্পিকে খেলে থাকেন শ্যুটাররা। সে ক্ষেত্রে কোরিয়ায় বছরের প্রথম বিশ্বকাপে বাজে ফল করলেও বাকির সামনে সুযোগ এখনো থাকছেই। বিশ্বকাপের পরের সিরিজগুলো হবে যুক্তরাষ্ট্র, আজারবাইজান ও জার্মানিতে। আপাতত সেদিকেই তাকিয়ে বাকি।
কোরিয়ায় চলমান বিশ্বকাপে আরও দুটি ইভেন্টে খেলবেন বাকি—থ্রি পজিশন ও প্রন। ওই দুটি শেষ করে দেশে ফেরার কথা তাঁর আগামী সপ্তাহেই।