রঙিন আলোয় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতশবাজির রোশনাই ছিল, সঙ্গে ১২তম এসএ গেমসের সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতির এমন বর্ণিল প্রদর্শনীও। কাল গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে l প্রথম আলো
আতশবাজির রোশনাই ছিল, সঙ্গে ১২তম এসএ গেমসের সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতির এমন বর্ণিল প্রদর্শনীও। কাল গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে l প্রথম আলো

ধীরে ধীরে নিভতে শুরু করল ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামের ফ্লাডলাইট। আলো-আঁধারিতে লুকোচুরি খেলতে লাগল লেজার রশ্মি। স্টেডিয়ামের বিশাল মশালটাও নিভে গেল একসময়। আকাশভরা আতশবাজির ফোয়ারায় স্টেডিয়ামের ৩৫ হাজার দর্শক তখন মন্ত্রমুগ্ধ। শেষ হয়ে গেল ১২তম এসএ গেমস। দক্ষিণ এশিয়ার অলিম্পিক বলে খ্যাত ক্রীড়াযজ্ঞ থামিয়ে দেওয়ার ঘোষণাটা দিলেন ভারতের ক্রীড়ামন্ত্রী সরবানন্দ সোনোয়াল।
দুই বছর পর ১৩তম এসএ গেমস বসবে নেপালে। গেমসের নিয়ম অনুসারে স্বাগতিক নেপালের আয়োজক কমিটির চেয়ারম্যান জীবন শ্রেষ্ঠার হাতে গেমসের পতাকা তুলে দিলেন দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি আর রামাচন্দ্রন। বড় পর্দায় দেখানো হলো হিমালয়কন্যা নেপালের দর্শনীয় স্থানগুলো। এরপরই মঞ্চে এসে নেপালের শিল্পীরা গাইলেন, ‘স্বাগত বুদ্ধর জন্মভূমিতে।’
সন্ধ্যায় অনুষ্ঠানের শুরু হয়েছিল আসাম পুলিশের ব্যান্ড দলের বাজনার ঝংকার দিয়ে। এরপর গেমসের মাসকট টিখরের পেছনে স্টেডিয়ামে ঢোকেন অংশ নেওয়া আট দলের কর্মকর্তা ও অ্যাথলেটরা। বাংলাদেশ দলের বেশির ভাগ অ্যাথলেটই খেলা শেষে দেশে ফিরে গেছেন। বাকিদের মধ্যে জনা তিরিশেক অ্যাথলেট মার্চ পাস্টে অংশ থাকলেন। বাংলাদেশের মেয়েদের পরনে ছিল লাল-সবুজ রঙের শাড়ি। ছেলেদের গায়ে কালো ব্লেজার। ভুটানের অ্যাথলেটদের পরনে ছিল তাদের ঐতিহ্যবাহী গামছার তৈরি কাপড়। সবার শেষে মাঠে ঢোকে গেমসের তিন হাজার স্বেচ্ছাসেবক। সবার হাতে ধরা রঙিন বেলুন। সব বেলুন একসঙ্গে উড়িয়ে দেওয়ার দৃশ্যটা ছিল দেখার মতো।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশি ছিল স্থানীয় অহমিয়া ভাষার গান। সঙ্গে আসামের ঐতিহ্যবাহী বিহু নাচ। গুয়াহাটির সংগীত-নাটক একাডেমির শিল্পীদের শাস্ত্রীয় নৃত্যটা মন কেড়েছে সবার। ভূপেন হাজারিকার ভাতিজা ময়ূখ হাজারিকা গাইলেন, ‘ব্রহ্মপুত্রের তীরে...।’ গাইলেন গেমসের থিম সং, ‘এই পৃথিবী এক ক্রীড়াঙ্গন, ক্রীড়া হলো শান্তির প্রাঙ্গণ...।’ অনুষ্ঠানের শেষ দিকে গান গাইতে আসেন জনপ্রিয় শিল্পী শান। জনপ্রিয় সব গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।
৫ ফেব্রুয়ারির গুয়াহাটি ও শিলংয়ে যে ক্রীড়া উৎসবের শুরু হয়েছিল এর বর্ণিল পর্দা নামল আসামের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। সর্বোচ্চ ১৮৮টি সোনা, ৯০টি রুপা ও ৩০টি ব্রোঞ্জ জিতে বরাবরের মতোই আধিপত্য দেখিয়েছে ভারত। বাংলাদেশ সর্বশেষ এসএ গেমসে জিতেছিল ১৮টি সোনা। কিন্তু এবার মাত্র ৪টি সোনা জিততে পেরেছে। রুপার পদক জিতেছে ১৫টি ও ব্রোঞ্জ ৭৫টি। বাংলাদেশের চারটি সোনার মধ্যে দুটি জিতেছেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। একটি শুটার শাকিল আহমেদের, অন্যটি ভারোত্তোলনের মাবিয়া আক্তারের কল্যাণে। গেমসে এবার আট দেশের বাস্কেটবল দলগুলো ফিবার নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি। ৩৮ সদস্যের বিশাল দল নিয়ে এসেও সাইক্লিং ফিরেছে খালি হাতে। শূন্য হাতে ফিরেছে ভলিবল দলও।
১২ দিনের ক্রীড়াযজ্ঞের মশাল নিভল। কিন্তু আট দেশের অ্যাথলেটদের হৃদয়ে ঠিকই জ্বলে রইল স্মৃতির আলোকশিখা। দারুণ কোরিওগ্রাফির সঙ্গে একঝাঁক শিল্পী অহমিয়া ভাষায় গাইলেন, ‘সাউথ এশিয়ান গেমস শুভ বিদায়...আল বিদা...।’
চূড়ান্ত পদক তালিকা
সোনা রুপা ব্রোঞ্জ
ভারত ১৮৮ ৯০ ৩০
শ্রীলঙ্কা ২৫ ৬৩ ৯৮
পাকিস্তান ১২ ৩৭ ৫৭
আফগানিস্তান ৭ ৯ ১৯
বাংলাদেশ ৪ ১৫ ৫৬
নেপাল ৩ ২৩ ৩৪
মালদ্বীপ ০ ২ ১
ভুটান ০ ১ ১৫