রঙে রঙে রিও
মন্ত্রী যখন শিকার
খেলা দেখতে গিয়ে ছিনতাইয়ের শিকার পর্তুগালের মন্ত্রী তিয়াগো ব্রান্দাও রদ্রিগেজ। ঘটনাটা গত রোববারের। পর্তুগাল-হন্ডুরাস ফুটবল ম্যাচ দেখে এক সহকারীকে নিয়ে হোটেলে ফিরছিলেন মন্ত্রী। হোটেলের কাছাকাছি আসতেই এক ছিনতাইকারী তাঁদের পথ রোধ করে। ছুরি দেখিয়ে হাতিয়ে নেয় টাকাপয়সা এবং সঙ্গে থাকা মুঠোফোন। স্থানীয় লোকজন অবশ্য ঘটনার দর্শক হয়ে থাকেননি। তাঁরা পাকড়াও করেন ওই ছিনতাইকারীকে। পরে তাঁরা পিটুনি দিয়ে সোপর্দ করেছেন পুলিশের কাছে। খোয়া যাওয়া সবকিছু ফেরত পান ব্রান্দাও রদ্রিগেজ ও তাঁর সহকারী। চলতি পথে হঠাৎ করেই কেউ ছুরি হাতে পথ আগলে বসল—নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিলেন মন্ত্রী? ব্রান্দাও রদ্রিগেজের উত্তর, ‘একটু ভয়ের ব্যাপার তো ছিলই।’ ফক্সস্পোর্টস।
কালোবাজারিএবং...
উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে অনেকেই টিকিটের কালোবাজারি করছিলেন; কিছু টাকা যদি আসে বিনা পরিশ্রমে...। তবে কালোবাজারি করতে গিয়ে ফেঁসে গেছেন আইরিশ নাগরিক কেভিন জেমস মারলেন। অলিম্পিক পার্কের কাছাকাছি বেশি দামে টিকিট বিক্রি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়েছেন মারলেন। ব্রাজিলে টিকিটের কালোবাজারি নিষিদ্ধ এবং প্রচলিত আইনে এর শাস্তি ছয় মাস থেকে দুই বছরের জেল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিশেষ অলিম্পিক আদালত মারলেনকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। জব্দ করা হয়েছে তাঁর পাসপোর্ট, ল্যাপটপ, মোবাইল ফোন ও ইউএসবি ড্রাইভ। সানডে ওয়ার্ল্ড, ইউকে।
অবশেষে ছেলের পাশে
‘আমার ছেলে এবার অলিম্পিকে অংশ নিচ্ছে’— কথাটা বলতে বলতে এলিস হিলের মুখে পুত্রগর্বের চওড়া হাসি। এলিস পেশায় ক্যাবচালক, যাত্রী হিসেবে পাওয়া লিজ ওয়ালককে কথাটা বলছিলেন। ছেলে ড্যারেল হিল যুক্তরাষ্ট্রের শটপুট দলের সদস্য। কিন্তু একটু পরেই এলিস আফসোস করছিলেন, সংগতি থাকলে ছেলের সঙ্গে তিনিও যেতে পারতেন। ওয়ালককে ব্যাপারটা দারুণভাবে ছুঁয়ে গেল। মনে মনে ঠিক করলেন, এলিসের জন্য কিছু একটা করবেন। ইন্টারনেটে এলিসের রিও-যাত্রার জন্য তহবিল গড়লেন। এক সপ্তাহের মধ্যেই সেখান থেকে সাড়ে সাত হাজার ডলার উঠে এল। ব্যস, এলিস চেপে বসলেন রিওর বিমানে! মেইল অনলাইন।
পতাকা-বিভ্রাট
জাতীয় পতাকা এমনিতেই স্পর্শকাতর একটা বিষয়, সেটির নকশায় ভুল থাকলে শোরগোল হতেই পারে। সেটি যদি রিও অলিম্পিকে হয় তাহলে তো তোলপাড় হবেই। চীনের ভুল পতাকা নিয়ে এখন সেটিই চলছে। রিও অলিম্পিকে মার্চপাস্ট থেকে শুরু করে সব জায়গাতেই চীনের যে পতাকা ব্যবহার করা হয়েছে, সেগুলোর নকশাতে ভুল আছে। চীনের পতাকার বড় একটা তারার ডান পাশে থাকে চারটি ছোট তারা। কিন্তু রিওর পতাকাগুলোতে সেই তারাগুলো বাঁ দিকে চলে গেছে। চীনের সামাজিক মাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনা। এর মধ্যে চীনের ব্রাজিল দূতাবাস থেকে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠানো হয়েছে। এএফপি।