রঙে রঙে রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিন্দ্রার পাল্টা

দশ মিটার এয়ার রাইফেলে ব্যর্থ অভিনব বিন্দ্রা। বেইজিং অলিম্পিকের সোনাজয়ী শুটারের ব্যর্থতার দিনে শেষ মুহূর্তে গোল খেয়ে হকিতে জার্মানির কাছে হার। নিজ দেশের অ্যাথলেটদের এই ব্যর্থতায় একটু মনঃক্ষুণ্ন হয়েছিলেন শোভা দে। ভারতের স্বনামধন্য এই লেখিকা তাঁর অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন টুইটে, ‘অলিম্পিকে ভারতীয় দলের লক্ষ্য; রিও যাও, সেলফি তোলো। খালি হাতে ফিরে আসো। অর্থ ও সুযোগের কী অপচয়!’ তাঁর এই টুইটে ব্যাপক ‘সাড়া’ পড়েছে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে। উল্টো শোভা দেরই সমালোচনা করেছেন খেলোয়াড়েরা। ‘দে, আপনি যা বলছেন তা অন্যায্য’—বিন্দ্রার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সাবেক হকি খেলোয়াড় বীরেন রাসকিনহার টুইট, ‘মিসেস দে, দয়া করে আপনি একবার হকি মাঠে ৬০ মিনিট দৌড়ান, বিন্দ্রা ও গগন যে রাইফেলটা ধরে থাকেন, সেটা ধরুন একবার। বুঝবেন, যা ভাবছেন কাজটা এর চেয়ে কঠিন।’ আইবিএন।

রিওনাযাওয়ায়...

রিও অলিম্পিকে যাননি ডাস্টিন জনসন। আমেরিকান গলফার উল্টো সময়টা কাটাচ্ছেন ছুটির আমেজে। আর এই সময়ে তাঁর সার্বক্ষণিক সঙ্গী বাগদত্তা পাওলিনা গ্রেজকি। নৌকাভ্রমণ কিংবা ক্যাফেতে কফি পান—সবখানেই আছেন দুজন। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁরা এমনই কিছু ছবি পোস্ট করে পড়েছেন সমালোচনার মুখে। একজন লিখেছেন, ‘ডিজের অলিম্পিকে থাকা উচিত ছিল। ইউএস ওপেন জেতার মতো দেশের হয়ে অলিম্পিকে জেতাটাও গুরুত্বপূর্ণ।’ ‘লজ্জা, লজ্জা, কী লজ্জা’—আরেকজনের মন্তব্য। একজন আবার লিখেছেন, ‘অলিম্পিকে না খেলায় কতটা অনুশোচনা করতে হবে, সেটা আপনিও জানেন না।’ হবু বরকে নিয়ে এমন সমালোচনা কার ভালো লাগে! তাই জবাব দিয়েছেন পাওলিনা গ্রেজকি, ‘একটা সোনার পদকের জন্য সে সারা জীবন কাজ করতে পারে না। সে মেজর জিতেছে, তাই অন্যদের উচিত আমার এই চমৎকার মানুষটিকে ছেড়ে দিয়ে নিজেদের কাজ করা।’ শুধু ডাস্টিনই নন, জিকা ভাইরাসকে কারণ হিসেবে দেখিয়ে জর্ডান স্পিথ, ররি ম্যাকইলরয়ের মতো শীর্ষ গলফাররাও যাননি রিও অলিম্পিকে। ডেইলি মেইল।

সারা রাত পাবে বসে পানাহার। রাতটা ফুর্তিতেই কাটিয়েছিলেন ইয়ুরি ফন গেল্ডার। সেই সুখ অবশ্য বেশিক্ষণ সইতে পারেননি ডাচ জিমন্যাস্ট। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে হল্যান্ড। ২০০৫ সালের রিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাবে গিয়েছিলেন এবার রিংয়ের চূড়ান্ত পর্বে ওঠা উদ্‌যাপন করতে। শেষ পর্যন্ত সেটাই কাল হলো। ফন গেল্ডারের কাছে নিয়ম ভাঙা অবশ্য নতুন কিছু নয়। ২০০৯ সালে হল্যান্ডের জাতীয় চ্যাম্পিয়নশিপে বহিষ্কৃত হয়েছিলেন। সেবার অভিযোগ ছিল কোকেন সেবনের। অন্যদিকে শৃঙ্খলা নিয়ে বেশ কড়া ডাচ শিবির। অ্যাথলেটদের পরিষ্কার বলে দেওয়া আছে, প্রতিযোগিতা শেষে সোজা গেমস পল্লিতে ফিরতে হবে। অন্য কোথাও গেলে শাস্তি। রয়টার্স।