রঙে রঙে রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলমিস্ত্রি
আই ফুকুহারাকে জাপানে নতুন করে চেনাতে হয় না। কিন্তু চতুর্থ অলিম্পিক খেলতে এসে এই টেবিল টেনিস খেলোয়াড় নতুন করে চেনালেন নিজেকে, তাও কলমিস্ত্রি হিসেবে। রিওর অলিম্পিকপল্লির অব্যবস্থাপনার নতুন শিকার হয়েছে জাপান দল। পানির ট্যাংকে ঝামেলা হওয়ায় পানিতে ভেসে গিয়েছিল ফুকুহারাদের পুরো শৌচাগার। হতভম্ব ক্রীড়াবিদেরা যখন কী করবেন ভেবে পাচ্ছিলেন না, তখন এগিয়ে এলেন ফুকুহারা। জামার হাতা গুটিয়ে নিজেই সমস্যার সমাধান করলেন। ভবিষ্যতেও তিনি আশপাশে না থাকলে যাতে সমস্যা না হয়, সে জন্য নির্দেশনাও দিয়ে রেখেছেন পুরো দলকে। এটি নতুন কিছু নয় রিওতে। চীনের অ্যাথলেটরা এ সমস্যায় পড়ার পর ‘শৌচাগার সারাই, নিজে করুন’ ট্যাগের ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে! এএফপি।
সরাসরি (!) সম্প্রচার
টিভিতে খেলা দেখছেন, শেষ ওভারের উত্তেজনার মাঝে হঠাৎই বিজ্ঞাপন শুরু হয়ে গেল? বাংলাদেশের দর্শক এর সঙ্গে অভ্যস্ত। সে ‘সৌভাগ্য’ হলো এবার খোদ যুক্তরাষ্ট্রের দর্শকদের। রিও অলিম্পিকের আনুষ্ঠানিক পর্দা উঠল শুক্রবার রাতে। সরাসরি এই জমকালো অনুষ্ঠান দেখতে বাংলাদেশের অনেকেই হয়তো চোখ কচলাতে কচলাতে চোখ রেখেছেন টিভি পর্দায়। যুক্তরাষ্ট্রের মানুষদের সেই সমস্যা ছিল না, বেশ সুবিধাজনক সময় সন্ধ্যাতেই দেখতে বসেছেন তাঁরা উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু তাতেও লাভ হয়নি। যুক্তরাষ্ট্রে সম্প্রচারের স্বত্ব কেনা নেটওয়ার্ক এনবিসি অনুষ্ঠান সম্প্রচার করেছে এক ঘণ্টা পরে! এতে থামলেও চলত, কিন্তু সম্প্রচার শুরু হতেই একটু পর পরই বিজ্ঞাপন বিরতিতে গেছে এনবিসি। এতে ত্যক্তবিরক্ত দর্শকেরা সবাই ঝড় তুলেছেন ফেসবুক ও টুইটারে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রধান সম্পাদক জেরার্ড বেকার যেমন টুইট করেছেন, ‘কী বিরক্তিকর—ইন্টারনেট আবিষ্কারের ২০ বছর পর এনবিসি অলিম্পিক দেরিতে দেখাচ্ছে!’ রয়টার্স।