রঙে রঙে রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানির ইচ্ছে

১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন কাইল চামার্স, তারপরও বাবাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি! না, ব্রেট চামার্স আবেগহীন নন। আর সব বাবার মতো ব্রেটের চাওয়া ছেলে যেন তাঁর খেলাটাও খেলে। সাবেক রুলস ফুটবলার ব্রেট ওই খেলাতেও ১৮ বছর বয়সী ছেলের প্রতিভা দেখছেন, ‘এখন সাঁতারই তার আগ্রহের কেন্দ্রে, তবে সে রুলসও ভালোবাসে। ও সব খেলাই পছন্দ করে। বাস্কেটবল ও ফুটবল বলতে পাগল সে। তবে আশা করি, একদিন সে রুলসও খেলবে।’ এমন রুলসপ্রেমী বাবার পথে না হেঁটে কাইল আপাতত সাঁতারে গেছে নানি জুলি বানেলের আগ্রহে। জুলির যুক্তি, আগে সাঁতারটাই খেলুক, বয়স বাড়লে নাহয় ফুটবলে যাবে। কিন্তু উল্টোটা তো সম্ভব নয়! ভাগ্যিস, নানির কথা শুনেছিলেন কাইল। এএফপি।

নিশ্চুপকোচ

সাঁতারুদের ভালো করার নতুন দাওয়াই এসেছে। শুধু তাঁদের কোচদের মুখে কুলুপ এঁটে বসে থাকতে হবে এই যা। সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্রিস পাপিচের গবেষণাই বলছে এ কথা। সাঁতারুরা অনুশীলনে যদি কোচদের ‘রেডি, গো’ কথার জন্য অপেক্ষা না করে একটি হর্ন ব্যবহার করেন, সেটি তাদের অনেক এগিয়ে দেয়। আগের তুলনায় ০.০১২ সেকেন্ড সময় লাগে সাঁতারুদের। শীর্ষ পর্যায়ের সাঁতারে এই সামান্য সময়েই অনেক সময় সোনা-রুপার ব্যবধান গড়ে দেয়। এবার মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলেই যেমন টাই করায় দুজন সাঁতারু সোনা জিতলেন। ছেলেদের ইভেন্টেও পঞ্চম ও ষষ্ঠ স্থানের মধ্যে ব্যবধান ছিল ০.০১ সেকেন্ড! পাপিচ দেখিয়েছেন, প্রতিযোগিতাগুলোয় হর্ন থাকায়, যাঁরা অনুশীলনে হর্ন ব্যবহার করেন, তাঁদের প্রতিক্রিয়া অন্যদের তুলনায় দ্রুত হয়। এটাই তাঁদের পারফরম্যান্সে প্রভাব ফেলে। এএফপি।

দূষিত পানিতে...

সোনা জয়ের স্বপ্ন নিয়ে একটু আগেই রিওতে চলে এসেছিলেন। প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না থাকে সে জন্য অনুশীলনও করে যাচ্ছিলেন নিয়মিত। কিন্তু সেটি করতে গিয়েই বিপত্তি বাধালেন বেলজিয়ান সেইলর এভি ভ্যান অ্যাকার। গুয়ানাবারর সৈকতকে করা হয়েছে রিও অলিম্পিকের সেইলিং ভেন্যু। ভ্যান অ্যাকার সেখানেই অনুশীলন করছিলেন। কিন্তু সেখানকার পানি এত দূষিত যে অনুশীলনের সময় গিলে ফেলা পানিই তাঁর পেটের পীড়ার কারণ হয়েছে। সেটার প্রভাব পড়েছে তাঁর পারফরম্যান্সেও। প্রাথমিক ৬টি রেসের পর তাঁর অবস্থান দশম। এমন দূষিত একটা সমুদ্রসৈকতকে সেইলিং ভেন্যু হিসেবে বেছে নেওয়ায় আয়োজকদের ওপর তাই ভীষণ খ্যাপা ভ্যান অ্যাকারের কোচ উইম ফন ব্লাদেল। অবশ্য আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা! এএফপি।