রঙে রঙে রিও
তিমি সাঁতারু
রোবেল কিরোস হাবটে পুরুষ ১০০ মিটার ফ্রিস্টাইলে ‘প্রথম’ হয়েছেন। এই প্রথম অবশ্য পেছন থেকে! ৫৯ সাঁতারুর মধ্যে ৫৯তম। প্রাথমিক হিটেই বাদ। ইথিওপিয়ার এই সাঁতারু সময় নিয়েছেন ১ মিনিট ৪.৯৫ সেকেন্ড। একই ইভেন্টে অস্ট্রেলিয়ান কাইল ক্যালমার্স সোনা জিতেছেন ৪৭.৯ সেকেন্ড সময় নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাবটেকে নিয়ে চলছে ঠাট্টা-রসিকতা, নির্দয় সমালোচনা। শরীরটা না হয় তাঁর একটু মেদবহুল, তাই বলে ‘তিমি’ বলে খোঁচা! এখানেই শেষ নয়, বাবা ইথিওপিয়া সাঁতার ফেডারেশনের সভাপতি বলে অলিম্পিকে সুযোগ পেয়েছেন হাবটে—এমন কথাও শুনতে হচ্ছে। মজার ব্যাপার, এমন ব্যর্থতা আর খোঁচাখুঁচির পরও হাবটে খুশি, ‘আমি খুবই খুশি। অলিম্পিকে এটা আমার প্রথম অংশগ্রহণ। ঈশ্বরকে ধন্যবাদ।’ সূত্র: মেট্রো কোড ইউকে।
মাকোনাহির ‘ঝামেলা’
পুরো বিশ্ব অলিম্পিক-জ্বরে ভুগছে, ম্যাথু মাকোনাহিই বা বাদ যাবেন কেন? তার ওপর তাঁর স্ত্রী যখন একজন ব্রাজিলিয়ান! আমেরিকান অভিনেতাও অলিম্পিকের টান উপেক্ষা করতে পারেননি। স্ত্রী-সন্তানদের নিয়ে উড়ে গেছেন রিওতে, দেশের জার্সি গায়ে সাঁতারের দলগত ইভেন্টের সময় গ্যালারিতেও ছিলেন। দলকে অনুপ্রাণিত করতে ভিডিও বার্তায় বলেছেন, ‘এগিয়ে যাও যুক্তরাষ্ট্র!’ উলফ অব ওয়াল স্ট্রিট, ডালাস বায়ার্স ক্লাব, ইন্টারস্টেলারখ্যাত অভিনেতা গ্যালারিতে ছিলেন রাগবি সেভেন্সের সময়। নিজে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানালেও পারিবারিকভাবে একটু ঝামেলায় পড়েছেন মাকোনাহি। পরিবারে যে তিনিই একমাত্র যুক্তরাষ্ট্র সমর্থক। স্ত্রীর তো ব্রাজিলকে সমর্থন করারই কথা, এমনকি ছেলে লেভি—যার ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব আছে সে-ও মায়ের অনুসারী। বিবিসি।
ধারের টুপি পরেই
কনর ডয়ারের কিছুটা দুঃখ হলেও হতে পারে। রিও অলিম্পিকের ২০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রকে সোনা জেতাতে তাঁরও সমান অবদান, অথচ সব আলো পড়ল মাইকেল ফেল্প্সের ওপর। অবশ্য কিংবদন্তির সঙ্গে খেলতে গেলে এমন একটু-আধটু বঞ্চনা তো সইতে হতেই পারে। তবে আজীবন বলার মতো একটা গল্পও সেদিন পেয়ে গেছেন ডয়ার। ফেল্প্সের যে সেদিন নিজের ল্যাপে সাঁতরেছিলেন ডয়ারের ক্যাপ পরে! ২১ সোনাজয়ী রিলের শেষ ল্যাপের প্রস্তুতি নিতে গিয়ে যে ক্যাপটা পরছিলেন, সেটি ছিঁড়ে হয়ে গেল দুই ভাগ। কী আর করা, প্রথম ল্যাপে ডয়ার সাঁতরে আসার পরই তাঁর কাছ থেকে ক্যাপটা চেয়ে নেন ফেল্প্স। তবে স্পনসরশিপের ঝামেলা এড়াতে সেটি পরলেন উল্টো করে। সেটি পরেই শেষ ‘অ্যাঙ্কর লেগে’ সাঁতরে যুক্তরাষ্ট্রকে এনে নিলেন সোনা। ডয়ার তো কৃতিত্বের ভাগ চাইতেই পারেন! রয়টার্স।